বর্তমানে সকলেই তাঁদেরকে চেনে গুনগুনের পুটু পিসি আর শ্রীময়ীর ছোট ছেলে ডিঙ্কা নামে। রিল লাইফে দুজনের পরিচিতি আলাদা হলেও, বাস্তব জীবনে বিবাহিত দুই তারকা। সপ্তর্ষি মৌলিক ও সোহিনী সেনগুপ্তর বাস্তবের রসায়ন খুবই মধুর। জানা যায়, তাঁদের সম্পর্কের এই মসৃণতা অনেকের কাছেই ঈর্ষার কারণ। তাঁরা প্রমাণ করেছে প্রেম কোন বয়স মানে না।
গুরু থেকে স্ত্রী হওয়ার পথটা একটু কঠিনই ছিল। তাঁদের মধ্যে বয়সের ফারাক ১৫ বছর। কিন্তু নিজেদের সম্পর্কে তা বাঁধা হতে দেননি। নিজেদের সম্পর্ক নিয়ে বহুবার লোকের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁদেরকে। অভিনয় জীবনের শুরুতে অভিনেতার গুরু ছিলেন সোহিনী। তারপর সেখান থেকে প্রেম এবং বিয়ে। আজ আট বছর পার করেছে তাদের বিবাহিত জীবন। এই বিশেষ দিনে তাড়াতাড়ি ছুটি নিয়ে একসঙ্গে উদযাপন করলেন দুই তারকা।
সংবাদমাধ্যমকে অভিনেতা জানান, নিজের মতন করে উপভোগ করবেন দিনটি। দুপুরে বাইরে খাওয়া। তারপর বিকেলে সোহিনীর বাবা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত সঙ্গে দেখা করবেন অভিনেতা। প্ল্যান রয়েছে কেনাকাটিরও। অভিনেতা জানালেন, ইচ্ছা রয়েছে স্ত্রীকে উপহারে পারফিউম দেবেন।
অপরদিকে সোশ্যাল মিডিয়ায় স্ত্রী তথা ক্যাপ্টেন’কে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। স্ত্রীকে নিজের জীবনের গুরু মনে করেন তিনি। অনেক কিছু শিখেছেন তাঁর থেকে। বরাবরই স্বীকার করেছেন তা। মাঝেমাঝেই স্ত্রীকে ক্যাপ্টেন বলে ডাকতে ভালোবাসেন তিনি।
গত আট বছরে সুখ-দুঃখে দুজন দুজনের পাশে ছিলেন সবসময়। অভিনয় জগতে জনপ্রিয় সোহিনী। থিয়েটার মঞ্চ কাঁপিয়ে বেড়ান তিনি। সেখানেই প্রথম আলাপ হয়েছিল সপ্তর্ষি। তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন অভিনেতা।
বয়সে ছোট হওয়ায় বহু টিপ্পনী সহ্য করেছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক। এই মুহূর্তে নিজেদের ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত দুই তারকা। কিন্তু এই বিশেষ দিনে নিজেদের কাজ থেকে সময় বার করে দেখা করেছেন তাঁরা।





