গাছ কেটে মেট্রো সম্প্রসারণের কাজ নয়, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের! জোকা-বিবাদীবাগ মেট্রোর কাজ শুরু হবে না?

জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্প নিয়ে জট আগে থেকেই চলছিল। গাছ কাটা নিয়ে দায়ের হয়েছিল মামলা। এবার সেই মামলায় কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তাহলে কী বন্ধ জোকা-বিবাদীবাগ মেট্রোর কাজ? কী জানাল শীর্ষ আদালত?

বর্তমানে জোকা থেকে তারাতলা পর্যন্ত চলে মেট্রো। তবে মেট্রো প্রকল্পের পথ সম্প্রসারণ করা এখনও অনেকটা বাকি। জোকা থেকে বিবাদীবাগ পর্যন্ত হবে মেট্রো রুট। কিন্তু সেই রুট বানাতে গিয়ে কাটা পড়েছিল অনেক গাছ। ফলে শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্টের।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলা খারিজ করে দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। সেই সময় সুপ্রিম কোর্টের তরফে জানান হয়েছিল, ময়দান এলাকায় নতুন করে কোনও গাছ কাটা যাবে না। পরবর্তী শুনানি পর্যন্ত সেই নিষেধাজ্ঞাই বহাল থাকবে বলে জানানো হয়েছিল। আজ, বুধবার সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই, বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে।  

এদিন সলিসিটর জেনারেল জানান, বাস্তবে কোনও গাছই পুরোপুরি কেটে ফেলা হয়নি। অন্য জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে। এই প্রেক্ষিতে পালটা মামলাকারীদের আইনজীবী বলেন, গাছ প্রতিস্থাপনের বিষয়টি ঠিক নয়। আইন বাঁচাতে গাছ একজায়গায় থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসানো হয় ঠিকই। কিন্তু পরিচর্যার অভাবে কোনও গাছই আর বাঁচে না। গোটা দেশে এরকম ভুরি ভুরি নজির রয়েছে।

আরও পড়ুনঃ ‘আমাকে চূড়ান্ত গালাগালিও দিয়েছেন, প্রধানমন্ত্রীকে জানাব গোটা বিষয়টি, যৌথ সংসদীয় কমিটির বৈঠকে কল্যাণের আচরণ নিয়ে কটাক্ষ অভিজিতের

এদিন দু’পক্ষের সওয়াল-জবাব শুনে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কোনও নতুন গাছ কেটে বা অন্যত্র প্রতিস্থাপন করে মেট্রোর কাজ করা যাবে না। গাছ কাটতে গেলে পরিবেশ দফতরের অনুমতি নিতে হবে। গাছ না কেটে জোকা-বিবাদীবাগ মেট্রোর কাজ শুরু করায় কোনও বাধা নেই বলেই জানাল শীর্ষ আদালত। অর্থাৎ জোকা-বিবাদীবাগ মেট্রোর কাজ শুরু হতে আর কোনও জট নেই।

RELATED Articles