Supreme Court Notice: ৭ অক্টোবর এসআইআর মামলার রায়, বেআইনি প্রমাণ মিললে বাতিল হবে ভোটার তালিকা সংশোধন!

দেশজুড়ে যখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, তখন বিহারে সেই প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (Special Intensive Revision) কার্যক্রমকে কেন্দ্র করে উঠেছে নানা অভিযোগ। সাধারণ মানুষের প্রশ্ন, ভোটার তালিকা আপডেটের মতো গুরুত্বপূর্ণ কাজ যদি ভুলভ্রান্তিতে ভরে যায়, তবে তার দায়ভার কে নেবে? এই প্রেক্ষাপটেই সুপ্রিম কোর্ট সোমবার একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে, যা শুধু বিহার নয়, গোটা দেশের নির্বাচনী প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে চলেছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে— এসআইআর প্রক্রিয়ায় যদি একটিও বেআইনি পদক্ষেপ ধরা পড়ে, তবে গোটা সংশোধনই বাতিল করা হবে। আদালতের ভাষায়, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই তাদের কাজ অবশ্যই আইনের কাঠামোর মধ্যে হতে হবে। শুধু বিহার নয়, এই মামলার রায় কার্যকর হবে সমগ্র দেশেই। ফলে নির্বাচন কমিশনের ওপর চাপ আরও বেড়েছে।

এই মামলার অন্যতম বড় ইস্যু আধার কার্ড। আগে শীর্ষ আদালত জানিয়েছিল, এসআইআর প্রক্রিয়ায় আধারকে ব্যক্তিপরিচয়ের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু আবেদনকারী আইনজীবীদের দাবি, বিদেশিরাও ভারতে থেকে আধার পেতে পারেন, ফলে ভুয়ো ভোটার তালিকা তৈরির ঝুঁকি থেকে যাচ্ছে। আইনজীবী অশ্বিনী উপাধ্যায় অভিযোগ করেছেন, বাংলাদেশি ও রোহিঙ্গাদেরও আধার তৈরি হয়ে যাচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বড় হুমকি। এর জবাবে আদালত জানায়, আধারকে নাগরিকত্ব প্রমাণের নথি হিসেবে ধরা যাবে না, তবে পরিচয়পত্র হিসেবে বিবেচনার বিষয়ে বিস্তারিত শুনানি পরে হবে।

শুনানি চলাকালীন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির পক্ষ থেকে আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, কমিশন ইচ্ছাকৃতভাবে নানা অনিয়ম করছে এবং মানুষের অভিযোগগুলিকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। এমনকি পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত মাত্র ৩০ শতাংশ সমস্যার সমাধান হয়েছে। অন্যদিকে আইনজীবী বৃন্দা গ্রোভার প্রশ্ন তোলেন, কমিশনের ভুলের দায়ে কেন সাধারণ মানুষকে ভুগতে হবে? এসব অভিযোগের প্রেক্ষিতে আদালত কমিশনকে কড়া সতর্কবার্তা দিয়ে জানায়, ভোটার তালিকা চূড়ান্ত হয়ে গেলেও বেআইনি কিছু প্রমাণিত হলে গোটা প্রক্রিয়াই বাতিল হবে।

আরও পড়ুনঃ Astrology: শুক্রের সিংহে গোচর, চার রাশির জীবনে আসছে সুখ-সমৃদ্ধি

সবশেষে আদালত ঘোষণা করেছে, আগামী ৭ অক্টোবর হবে এই মামলার চূড়ান্ত শুনানি। তখনই বিশেষ সংশোধন প্রক্রিয়ার বৈধতা নিয়ে চূড়ান্ত রায় দেওয়া হবে। এই রায় শুধু বিহারের ভোটার তালিকা নয়, গোটা দেশের নির্বাচনী ব্যবস্থার জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। রাজনৈতিক মহল মনে করছে, আদালতের এই কঠোর অবস্থান একদিকে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল করবে, অন্যদিকে সাধারণ মানুষও আশা করতে পারে যে তাদের ভোটাধিকার সুরক্ষিত থাকবে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles