আগামীকাল, মঙ্গলবার রয়েছে রেড রোডে রাজ্য সরকারের আয়োজিত দুর্গাপুজো কার্নিভাল। আবার এদিনই দ্রোহ কার্নিভাল করবেন জুনিয়র চিকিৎসকরা। এসবের মধ্যেই এবার দুর্গাপুজোর কার্নিভাল বয়কটের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন পতাকা ছাড়াই মিছিল করবেন তিনি। নাগরিক সমাজকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানালেন বিজেপি নেতা।
আজ, সোমবার সিউড়ির বিজেপি জেলা কার্যালয়ের বিজয়া সম্মিলনীতে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই পুজোর কার্নিভাল বয়কটের ডাক দেন তিনি। তাঁর কথায়, “হিন্দুশাস্ত্রে এভাবে কার্নিভাল করে প্রতিমা নিরঞ্জন হয় না। তাছাড়া বিষাদের মধ্য়ে রয়েছি আমরা। তার মধ্যেই দুর্গোৎসব চলছে”। সেই কারণে প্রতিবাদস্বরূপ পতাকা ছাড়া মিছিলের ডাক দিলেন শুভেন্দু।
কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল করার কথা রয়েছে। তবে পুলিশ জানিয়েছে যাতে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করা হয়। কারণ এদিন একদিকে রেড রোডে রয়েছে পুজোর কার্নিভাল আর অন্যদিকে রাসমনি রোডে রয়েছে জুনিয়র চিকিৎসকদের দ্রোহের কার্নিভাল। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে শুভেন্দুর মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত করতে বলা হয়েছে।
এই মিছিলে যোগ দেবেন বিজেপি সাংসদ-বিধায়করা ও বিশিষ্টজনরা। নাগরিক সমাজকে হাতে মশাল, শঙ্খ নিয়ে এই মিছিলে যোগ দেওয়া আহ্বান জানান বিরোধী দলনেতা। তাঁর স্লোগান, ‘আর জি কর থেকে জয়নগর, এবার পালা আপনার ঘর’। এদিনের বিজয়া সম্মিলনী থেকে শুভেন্দু বলেন, “৯০ শতাংশ সাধারণ মানুষ যারা সরকারি স্বাস্থ্যব্যবস্থার উপর নির্ভরশীল। স্বাস্থ্যভবন এই পরিস্থিতি যদি সামাল দিতে না পারে তাহলে লক্ষ্মীপুজোর পর থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ঘেরাও করা হবে”।
আরও পড়ুনঃ আর জি কর আবহের মধ্যেই ফের মারধর চিকিৎসকদের, হাসপাতালে ভাঙচুরের অভিযোগ
বলে রাখি, স্বাস্থ্য পরিকাঠামোয় অচলাবস্থার কারণে যে সমস্ত রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের নিয়ে অবসরকালীন বেঞ্চের দ্বারস্থ হবেন শুভেন্দু অধিকারী, এমনটাই খবর। রাজ্য সরকার ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যর্থ, এমনই অভিযোগ করবেন তিনি।





