‘ভাঁড়দের কথায় কোনও উত্তর দেব না’, নন্দীগ্রাম নিয়ে মন্তব্য করার পর শোভনকে কটাক্ষ শুভেন্দুর, ফের আক্রমণ মমতাকেও

নন্দীগ্রাম নিয়ে একটি ভিডিও বার্তায় নিজের বক্তব্য রেখেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। এবার সেই প্রত্যুত্তরে শোভনকে ‘ভাঁড়’ বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও নন্দীগ্রাম প্রসঙ্গ নিয়ে নিজের আগের অবস্থানেই অনড় থাকলেন তিনি।,

শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর নন্দীগ্রাম আন্দোলনে কার ভূমিকা বেশি, তা নিয়ে দ্বন্দ্ব লেগেছে তৃণমূল ও অধিকারী পরিবারের মধ্যে। সম্প্রতি নন্দীগ্রাম আন্দোলনে মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু। এই প্রেক্ষিতে মুখ খুলেছেন মমতার স্নেহের শোভন চট্টোপাধ্যায়।

দীর্ঘদিন চুপ করে থাকার পর ফের রাজনীতি নিয়ে মন্তব্য করেন শোভন। শুভেন্দুর বক্তব্যকে মিথ্যে বলে দাবী করেন তিনি। একটি ভিডিও বার্তায় তিনি জানান যে নন্দীগ্রামের ঘটনার দিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন।

শোভনের সেই ভিডিও বার্তা সম্পর্কে শুভেন্দু বলেন, “ওই ভাঁড়েদের কথার উত্তর দেব না”। তিনি আরও বলেছেন, “২০০৮ সালের ১৩ মার্চ তৃণমূল দলের মালিক মমতা বন্দ্যোপাধ্যায় ‘শান্তিকুঞ্জ’ অর্থাৎ শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারীর বাড়ির চার তলায় একটি ঘরে রাত কাটিয়েছিলেন। পরের দিন সকালে ১৪ মার্চের গণহত্যার বর্ষপূর্তির দিন সকালবেলা কাঁথির শান্তিকুঞ্জ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় গোকুলনগরের অধিকারীপল্লি, যেখানে গুলি চলেছিল, সেখান গিয়ে মাটি সংগ্রহ করে কলকাতায় গিয়ে মিছিল করেছিলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে বাজার গরম করার জন্য এ সব করেছিলেন”।

আবার মমতাকে আক্রমণ করায় শুভেন্দুকে আক্রমণ শানান শোভন। এক সংবাদমাধ্যমে তিনি বলেন, “বিরোধী দলনেতা দলবদল করেছেন বলে সত্য ঘটনাকে বিকৃত করেছেন। সঙ্গে নীতি-নৈতিকতাও সব কিছু বিসর্জন দিয়েছেন তিনি। কিন্তু আমি সেই সব ঘটনার সাক্ষী। আমি মিথ্যে বলতে পারব না”।

তিনি আরও বলেন, “সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাইয়ে যে আন্দোলন হয়েছিল, তার প্রতিটি ঘটনার সাক্ষী আমি। সিঙ্গুরে তাপসী মালিকের ঘটনা থেকে নন্দীগ্রামে ভরত মণ্ডল খুনের ঘটনা— সব কিছুই চোখের সামনে ঘটেছে। মমতাদি কী ভাবে সেই সব আন্দোলনে লড়াই করেছিলেন, নিজের চোখে দেখেছি। তাই সেই সব ঘটনার বিকৃতি ঘটালে কখনওই তা মেনে নেব না”। এবার প্রশ্ন উঠছে যে শুভেন্দুকে আক্রমণ করে কী শোভন তবে রাজনীতিতে সক্রিয় হতে চাইছেন?

RELATED Articles