‘সিনেমা বানানোর জন্য এনামুলের থেকে ৫ কোটি টাকা নিয়েছেন দেব’, তৃণমূল সাংসদকে বেলাগাম তোপ শুভেন্দুর

বেশ কয়েকদিন ধরেই বিরোধী পক্ষের নিশানায় রয়েছেন তৃণমূলের তারকা সাংসদ দেব (Dev))। অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) পর এবার দেবকে কটাক্ষ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গতকাল, মঙ্গলবার মেদিনীপুরের এক জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু দাবী করেন যে দেব এনামুল হকের (Enamul Haque) থেকে সিনেমা বানানোর জন্য টাকা নিয়েছেন।

গতকাল ঘাটালে গিয়ে নিজের বক্তব্য রাখেন দেব। তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন শুভেন্দু বলেন, “মিডিয়াতে বাঁচার জন্য এগুলো বলছে। দীপক অধিকারী এনামুলের থেকে পাঁচ কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছেন সিনেমা করার জন্য। ওই টাকা গরু পাচারের টাকা। দেব এসব কথা বলছে কেন? ও তো নিজাম প্যালেসে দুই বার গিয়েছে। আর দিল্লিতে ইডিও ডেকেছিল। লুকিয়ে গিয়েছে, যাতে মিডিয়া কোনও ভাবে না জানতে পারে। ও তো অ্যাকাউন্ট ট্রান্সফার আছে, সিনেমা করার জন্য নিয়েছিল পাঁচ কোটি টাকা”।

এদিন শুভেন্দু আরও বলেন, “গরু পাচারের পাঁচ কোটি টাকা এনামুলের অ্যাকাউন্ট থেকে দীপক অধিকারীর অ্যাকাউন্টে গিয়েছে। দেব সিনেমা তৈরি করেছে এই গরু পাচারের টাকায়”। এদিন দেবের উদ্দেশে শুভেন্দু আরও বলেন, “কেন দেব এসব বলতে যাচ্ছে? কাঁচের ঘরে বসে ঢিল ছোড়ার দরকার নেই। চুপচাপ থাকো”।

ঘটনার সুত্রপাত কিছুদিন আগে। দেবকে কড়া ভাষায় আক্রমণ শানান তাঁর সহকর্মী তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ঘাটালে এক কর্মসূচিতে গিয়ে হিরণ বলেন, “উনি মলদ্বীপের জলে গার্লফ্রেন্ড নিয়ে শুয়ে থাকবেন আর বন্যার জলে সুইমিং করবে ঘাটালের মানুষ”।

এখানেই শেষ নয়। খড়গপুরের বিধায়ক আরও বলেন, “উনি শুধু মাত্র শুটিং করবেন, আর নায়িকাদের নিয়ে বিদেশে ঘুরে বেড়াবেন। ওকে তো সিবিআই চা খাওয়ানোর জন্য ডেকেছিল, কফি খাওয়ানোর জন্য ডেকেছিল। কলকাতায় ওর চারটি ফ্লাট, আটখানা গাড়ি, সামনে পুলিস মাঝখানে পুলিস আর মলদ্বীপে বান্ধবী, আর ঘাটালের মানুষ জলের তলায়”।

বিজেপি বিধায়কের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে বেশ শোরগোল পড়ে যায়। গতকাল, মঙ্গলবার ঘাটালে গিয়ে হিরণের এই মন্তব্যের বিরুদ্ধে পাল্টা জবাব দেন দেব। তবে ফের তাঁকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী।

RELATED Articles