নিস্তার নেই কেষ্টর! ডিয়ার লটারিতে এক কোটি টাকা জিতেছিলেন অনুব্রত, এবার সেই ঘটনারও তদন্ত শুরু করল সিবিআই

চলতি বছরের শুরুতে ডিয়ার লটারিতে (Dear Lottery) এক কোটি টাকা জিতেছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। আপাতত গরু পাচার মামলায় (cattle smuggling case) জেলে রয়েছেন তিনি। লটারি সংবাদে অনুব্রতর ছবি নিয়ে সেই সময় বেশ চর্চা হয়। তখন তৃণমূল নেতা বলেছিলেন, “দিলেও আমি, পেলেও আমি”। এরপর কেটে গিয়েছে প্রায় দশ মাস। এবার কেষ্টর সেই লটারি জেতা নিয়ে তদন্ত শুরু করল সিবিআই (CBI)।

জানা গিয়েছে, বোলপুরে গাঙ্গুলি লটারি নামের একটি দোকান রয়েছে। সেখান থেকে ওই টিকিট কাটা হয়েছিল। ওই লটারি এজেন্টকে মঙ্গলবার নিজাম প্যালেসে ডেকে জেরা করছে সিবিআই। সূত্রের খবর, জানতে চাওয়া হচ্ছে, অনুব্রত মণ্ডল নিজে গিয়ে সেই টিকিট কিনেছিলেন নাকি কারও মারফতে।

সম্প্রতি জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী রুচিরা গুপ্তও ডিয়ার লটারিতে এক কোটি টাকা জিতেছেন। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে লিখেছিলেন, “আমি অনেকদিন ধরেই বলছি এই ডিয়ার লটারি আসলে হচ্ছে ভাইপো লটারি। টাকা তছরুপের একটা বন্দোবস্ত”।

বিরোধী দলনেতা আরও লেখেন, “টিকিট কাটছে সাধারণ মানুষ আর বাম্পার প্রাইজ জিতছে তৃণমূলের লোকজন। প্রথমে অনুব্রত মণ্ডল। এবার রুচিরা গুপ্ত”।

দীর্ঘদিন ধরেই ডিয়ার লটারি নিয়ে নানান মন্তব্য করে আসছেন শুভেন্দু। কখনও এই ডিয়ার লটারিকে ‘ভাইপো’ লটারি আখ্যা দিয়েছেন তিনি। তো কখনও আবার দাবী করেছেন যে এই ডিয়ার লটারির মাধ্যমে রাজ্য সরকার নিজের কালো টাকা সাদা করছে।

সম্প্রতি আবার অনুব্রত মণ্ডলের গড়েই এক তৃণমূল নেতার ভাইয়ের স্ত্রী ডিয়ার লটারিতে জিতেছেন এক কোটি টাকা। ধারাবাহিকভাবে ডিয়ার লটারির বিজয়ীদের নামের তালিকায় রাজ্যের প্রভাবশালী বা প্রভাবশালীদের ঘনিষ্ঠদের  নাম উঠে আসছে। এই কারণেই এই বিষয়ে এবার তদন্ত শুরু করল সিবিআই। এই ঘটনা কী নেহাতই কাকতালীয় নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও সত্যি, তা খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

RELATED Articles