গরু পাচার কাণ্ডের (cattle smuggling case) জেরে আজ, বৃহস্পতিবার সকালেই বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) গ্রেফতার করেছে সিবিআই (CBI)। এই নিয়ে বিরোধী পক্ষের মধ্যে তো খুশির জোয়ার। অবশেষে সিবিআইয়ের হাতে আটক হয়েছেন তৃণমূল নেতা। এবার অনুব্রতর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এদিন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেন শুভেন্দু। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রতর গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন যে অনুব্রত যেন তাদের সকলের নাম ফাঁস করেন যাদের নির্দেশে তিনি এতদিন ধরে নানান সামাজিক অপকর্ম করে এসেছেন।
এদিন শুভেন্দু বলেন, “অনুব্রত মণ্ডল একজন মাফিয়া। একটা সময় যে হাটে মাগুর মাছ বিক্রি করত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে সে আজকে ১,০০০ কোটি টাকার মালিক। এতো মমতা বন্দোপাধ্যায়ের সৃষ্টি”।
এরপরই কার্যত বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে অনুরোধ করে শুভেন্দু বলেন, “আমি আশা করব এই অনুব্রত মণ্ডলের মতো লোকেরা কাদের নির্দেশে গরু, কয়লা, বালি পাচার করেছে, বিরোধী দলের লোকেদের বিশেষ করে হিন্দুদের ওপরে পুরো বীরভূম জেলায় যে অত্যাচার করেছেন, নির্বাচন পরবর্তী সময়ে কয়েক হাজার লোককে ঘরছাড়া করা, অসংখ্য মানুষকে খুন করা, কার নির্দেশে কার ইন্ধনে হয়েছে? আশা করব, তিনি যার যার নির্দেশে এসব করেছেন, মুড়ির টিনে করে যাদের কাছে টাকা পাঠিয়েছেন এতদিন সেই নামগুলো দয়া করে বলে দিন”।
বলে রাখি, গতকাল, বুধবার দশমবার অনুব্রতকে গরু পাচার মামলায় তলব করেছিল সিবিআই। কিন্তু সেই হাজিরাও এড়িয়ে গিয়েছিলেন তিনি। এর জেরে আজ, বৃহস্পতিবার সকালেই অনুব্রতর বোলপুরের বাড়িতে হানা দেয় সিবিআই। চলে তল্লাশি। এদিনও অনুব্রত তদন্তকারী আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ। এরপরই গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে। গরু পাচার কাণ্ডের চার্জশিটে অনুব্রতর নাম উল্লেখ রয়েছে বলে জানান সিবিআই আধিকারিকরা।





