আজ, শুক্রবার ময়নাগুড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে নির্যাতিতা কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি। কিন্তু সেখানে গিয়েই ঘটে গেল বিপত্তি।
নির্যাতিতার বাড়ি গিয়ে যেই খাটের উপর শুভেন্দু বসলেন, ঠিক তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায় খাটটি। টাল সামলাতে না পেরে পড়ে যান শুভেন্দুও। বাকিরা কোনওরকমে তাঁকে টেনে তোলেন। কোনও আঘাত লাগেনি তাঁর।
এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ময়নাগুড়ির নির্যাতিতার বাড়িতে পৌঁছয় বিজেপির প্রতিনিধি দল। সেখানে গিয়ে ঘরের খাটে আরাম করে বসেন শুভেন্দু। আর তখনই ভেঙে যায় খাট। এর ফলে পড়ে যান তিনি। ধাতস্থ হতে একটু সময় লাগে তাঁর। এই ঘটনার পর তিনি কথা বলেন পরিবারের সঙ্গে।
বিজেপির এক আদি নেতা এই বিষয়ে বলেন, “আসলে শুভেন্দুর সময়টা এখন ভাল যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসার পর মনে করেছিলেন মুখ্যমন্ত্রী পদে বসবেন। সেই যে পড়লেন তারপর সব জায়গা থেকে পড়েই যাচ্ছেন। সম্প্রতি সিউড়িতে বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে পুলিশের ব্যারিকেড পড়ে পায়ে আঘাত পেয়েছিলেন। এখন আবার পড়ে গেলেন”।
খাট থেকে পড়ে যাওয়া নিয়ে অবশ্য রাজ্যের বিরোধী দলনবেতা কোনও মন্তব্য করেন নি। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “এখন পুলিশ নড়েচড়ে বসেছে। সংবাদমাধ্যমে খবর দেখানো ও আমাদের প্রতিবাদের পরে পুলিশ একটু নড়েচড়ে বসলেও এরা কিছু করবে না। আমরা পরামর্শ দিয়েছি, আপনারা সিবিআই দাবি করুন। আমরা আইনি সহায়তা দেব। অপরাধীদের রাখতে গেলে সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হবে”।





