শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা আরও বেশি দৃঢ় হল। তৃনমূল থেকে পদত্যাগের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে তাঁকে দেওয়া হল জেড ক্যাটেগরির নিরাপত্তা। তাঁর জন্য বরাদ্দ করা হয়েছে বুলেটপ্রুফ গাড়িও।
সম্প্রতি গোয়েন্দা রিপোর্ট থেকে জানা গিয়েছে, শুভেন্দুর উপর যে কোনও ধরণের হামলা হতে পারে। এই কারণেই কেন্দ্রের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এখন থেকে শুভেন্দুর নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবে ৩০ জন কেন্দ্রীয় জওয়ান ও সবসময় ১০ জন কম্যান্ডো তাঁকে ঘিরে থাকবে বলেও জানা গিয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সির পরামর্শেই শুভেন্দুর জন্য জেড ক্যাটেগরির নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
এর আগে রাজ্যের তিনটি দফতরের মন্ত্রিত্ব পদে থাকাকালীন তিনি জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। কিন্তু মন্ত্রিত্ব ছাড়ার পরই সরকারী গাড়ি ও নিরাপত্তা ফিরিয়ে দেন তিনি। এর আগে শোনা গিয়েছিল তৃণমূলের প্রাথমিক সদস্যের পদ ছাড়ার পর জেড ক্যাটেগরির নিরাপত্তা পাবেন তিনি। সেই জল্পনাই সত্যি হল। তৃণমূল ছাড়ার পরই কেন্দ্র থেকে মিলল নিরাপত্তা।
প্রসঙ্গত, আগামীকালই রাজ্যে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন মেদিনীপুরে সভা করবেন তিনি। এদিনই শুভেন্দু পাকাপাকিভাবে হাতে তুলে নেবেন গেরুয়া পতাকা, এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে। তাঁর সঙ্গে আরও বেশ কিছু তৃণমূল নেতা, বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন বলেও জানা গিয়েছে।






