একে তো ভাদ্র মাসের এই প্যাচপ্যাচে গরম। তার উপর আবার রাজ্যজুড়ে ফের দেখা দিয়েছে লোডশেডিং। গরমের উপর এমন বিদ্যুৎ সঙ্কটের জেরে বঙ্গবাসীর নাজেহাল হওয়ার জোগাড়। বঙ্গে এই বিদ্যুৎ সঙ্কট নিয়ে এবার বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দু’দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে সোমবার বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে। যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট”।
https://twitter.com/SuvenduWB/status/1697668630861975877?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1697668630861975877%7Ctwgr%5E8b2f33d7d160517822d23f617ed008b487b59fe2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fsuvendu-adhikari-will-protest-against-load-shedding-problem-894667.html
এমন গরমে এমনিতেই হাঁসফাঁস করছে মানুষ। ভ্যাপসা গরমের জেরে গলদঘর্ম অবস্থা সকলের। তার উপর লোডশেডিংয়ের উপদ্রব। জেলায় জেলায় নামছে অন্ধকার। কোথাও দিনে তো কোথাও আবার রাতভর থাকছে না কারেন্ট। সব মিলিয়ে পুজোর আগে নাজেহাল বঙ্গবাসী।
শুভেন্দু এক্স হ্যান্ডেলে লেখেন, “দেউলিয়া মুখ্যমন্ত্রীর দেউলিয়া সরকারের বিদ্যুৎ দফতরের আধিকারিকদের জানিয়ে রাখলাম, যদি আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না করতে পারেন তবে আগামী সোমবার থেকে বিরোধী দলনেতাকে বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরের সামনে ধর্নায় দেখতে পাবেন”।






