বছর গড়ালেই লোকসভা নির্বাচন। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতি তুঙ্গে। এমন অবস্থায় এবার বাংলার জন্য ঢালাও নির্বাচনী প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশাল কর্মসংস্থানের প্রতিশ্রুতির পাশাপাশি ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেন বিরোধী দলনেতা।
কী বলেছেন শুভেন্দু অধিকারী?
গতকাল, শুক্রবার রামনগর ২ ব্লকের মন্দারমণিতে কার্যকর্তাদের সভার আয়োজন করেছিল কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি। সেখান থেকেই নানান প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। মধ্যপ্রদেশের ভোটে শিবরাজ সিং চৌহানের ‘লাডলি বহেনা’ সুপার হিট হয়েছে। শুভেন্দুর দাবী, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এখানেও মহিলাদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প ‘লাডলি বহেনা’ প্রকল্প চালু হবে।
শুভেন্দু বলেন, “রাজস্থানের মতো আমরাও ৪৫০ টাকায় গ্যাস দেওয়া হবে”। প্রসঙ্গত, উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাসের যে উপভোক্তারা রয়েছেন, তাদের ৪৫০ টাকায় সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান সরকার। রাজস্থানে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল, কম দামে রান্নার গ্যাস। নতুন সরকার গঠনের পরই রাজস্থানে বিজেপি শাসিত সরকার সেই প্রতিশ্রুতি পূরণ করেছে। বাংলাতেও বিজেপি সরকার ক্ষমতায় এলে, একইভাবে ৪৫০ টাকায় রান্নার গ্যাস মিলবে বলে প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা।
শুধু তাই-ই নয়, রাজ্যের সরকারি ফাঁকা পদপূরণের প্রতিশ্রুতিও দেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, “প্রথমেই ৩০ লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা পূরণ করব। যে ৬ লক্ষ পদ রাজ্য সরকার অবলুপ্ত করেছে, তা পুনর্জীবিত করব”।
পাল্টা তোপ তৃণমূলের
বিরোধী দলনেতার এই প্রতিশ্রুতির কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, “এটা তো দেশের ভোট। এর সঙ্গে বাংলার সরকারের সম্পর্ক নেই। টা তো দায়িত্বজ্ঞানহীন কথা বার্তা। তোমরা তো এতদিন দেশের ক্ষমতায় ছিলে, তোমরা এখন ঘোষণা করে দাও বাংলা সহ সারা দেশে ৪৫০ টাকায় রান্নার গ্যাস। তার জন্যে অমুক অমুক রাজ্যে ক্ষমতায় আসতে হবে, এই কথাগুলো আসছে কোথা থেকে”।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!