দমদম পার্ক ভারতচক্র পুজো মণ্ডপ নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে নানান বিতর্ক। জুতো দিয়ে এই মণ্ডপ তৈরি করার কারণে রোষের মুখে পড়েছেন এই মণ্ডপের উদ্যোক্তারা। এবার এই মণ্ডপসজ্জার ভাবনার প্রতিবাদ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান শৈল্পিক স্বাধীনতার নামে মা দুর্গার অপমান একেবারেই বরদাস্ত করা হবে না। এমনকি, দেবী বোধনের আগে মণ্ডপ থেকে জুতো না সরালে তিনি এই বিষয়ে মুখ্য ও রাষ্ট্রসচিবের হস্তক্ষেপের দাবীও তোলেন।
গতকাল, শনিবার টুইটারে শুভেন্দু অধিকারী দমদম পার্ক ভারতচক্রের মণ্ডপ সজ্জার ভাবনার বিরোধীতা করেছেন। তিনি লেখেন, “দমদম পার্কে একটি দুর্গাপূজার প্যান্ডেল জুতো দিয়ে সাজানো হয়েছে। “শৈল্পিক স্বাধীনতা” এর নামে মা দুর্গাকে অপমান করার এই জঘন্য কাজ সহ্য করা হবে না”।
এখানেই শেষ নয়। মণ্ডপ থেকে জুতো না সরালে মুখ্যসচিব ও রাজ্যের স্বরাষ্ট্রসচিবের হস্তক্ষেপও দাবী করেছেন তিনি। শুভেন্দু আরও লেখেন, “মুখ্য ও স্বরাষ্ট্র সচিবের কাছে আমার আহ্বান তাঁরা যেন এই বিষয়ে হস্তক্ষেপ করেন ও যেন ষষ্ঠীর আগে যেন মণ্ডপ থেকে জুতা সরিয়ে নিতে আয়োজকদের বাধ্য করেন”।
A Durga Puja pandal in Dumdum Park has been decorated with shoes.
This heinous act of insulting Maa Durga in the name of "Artistic liberty" won't be tolerated.
I urge the Chief & Home Secretary @egiye_bangla to intervene & compel the organizers to remove the shoes before Shashti. pic.twitter.com/h3uQPbNIpS— Suvendu Adhikari (@SuvenduWB) October 9, 2021
গত প্রায় এক বছর ধরে কেন্দ্রের প্রস্তাবিত তিন কৃষি আইনের বিরোধিতা করে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। এই কৃষকদের কথাই মণ্ডপ সজ্জার মাধ্যমে তুলে ধরেছিলেন দমদম পার্কের ভারতচক্র পুজো মণ্ডপের উদ্যোক্তারা। মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয় হাওয়াই চটি। নানান জায়গায় লেখা নানান স্লোগান। এর মধ্যে রয়েছে লখিমপুরে কৃষক মৃত্যুর ঘটনাও।
এই প্রসঙ্গে মণ্ডপ শিল্পী অনির্বাণ দাস বলেছেন, “আমি আমার কাজ শেষ করে ক্লাবকে মণ্ডপ তুলে দিয়েছি। আমার এর বাইরে কোনও কিছু বলার নেই”। এই পুজো কমিটির সঙ্গে যুক্ত এক উদ্যোক্তা জানিয়েছেন, মন্দিরের বাইরে জুতো খুলেই প্রবেশ করতে হয়। এখানেও মণ্ডপের বাইরে রয়েছে জুতো। এর দ্বারা কোনওভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়নি।
বলে রাখি, এর আগেই জুতো দিয়ে তৈরি এই মণ্ডপ নিয়ে প্রতিবাদ করা হয়েছে বিজেপির তরফে। এমনকি, এক আইনজীবীর তরফে দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটিকে আইনি নোটিসও দিয়েছেন।





