আজ, সোমবার বিধানসভায় বাংলায় সিবিআই-ইডির (CBI-ED) অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে নিন্দা প্রস্তাব আনা হয় তৃণমূলের তরফে। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন যে সিবিআই-ইডির পিছনে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রয়েছেন, তা তিনি বিশ্বাস করেন না। এবার এরই পাল্টা জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়, এমন মন্তব্য করে মমতা বিজেপির অন্দরে বিভাজনের চেষ্টা করছেন। কিন্তু তারা এই ফাঁদে পা দেবেন না।
এদিন বিধানসভায় সাংবাদিক বৈঠক শুভেন্দু অধিকারী বলেন, “প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে যে বক্তব্য রেখেছেন তাতে কলকাতাকে ইঙ্গিত করেছেন। গোটা ভারতের লোক দেখেছে। উনি তো তার থেকে নীচে নামতে পারবেন না। গরীব খুঁজছে ছাদ, নেতা কিনছে ফ্ল্যাট। টাকা রাখার জন্য। প্রধানমন্ত্রী লাল কেল্লার ভাষণে একথা বলেছেন”।
বিরোধী দলনেতার কথায়, “আমাদের প্রধানমন্ত্রী দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতি নিয়ে চলেন। দুর্নীতিগ্রস্ত যারা, তারা এভাবে যতই যা চেষ্টা করুন না কেন, লাভ হবে না। ওনার দলের মুখপাত্ররা আমাদের পার্টির প্রথম সারির নেতাদের মধ্যে লাগানোর চেষ্টা করে। ওমুক ভালো, তমুক খারাপ এসব বলেন। আমরা এসব ফাঁদে পা দেওয়ার লোক নই”।
এদিন বিধানসভায় সিবিআই-ইডির অতি সক্রিয়তার বিরুদ্ধে প্রস্তাব আনার পর মমতা বলেন, “প্রধানমন্ত্রীকে কিছু বলতে চাই না, বিশ্বাস করি না উনি এ সব করেছেন। কারণ সিবিআই এখন প্রধানমন্ত্রীর হাতে নেই। এসবের পিছনে অন্য বিজেপি নেতারা রয়েছেন”।





