পুজোর দিনগুলোতে রাজ্যে বিশেষ করে কলকাতায় একপ্রকার রাম-তরজা হয়েছে বলা যায়। পুজো মিটে গেলেও এখনও সেই তরজা থামে নি। সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের পুজোর থিম ছিল অযোধ্যার রাম মন্দির। তা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। এই মণ্ডপকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ছিল তুঙ্গে।
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো সাধারণত বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলেই পরিচিত। এই পুজপ্র উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণ্ডপ দর্শনে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
সন্তোষ মিত্র স্কোয়ারে দাঁড়িয়েই বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছিলেন, “রাম ভারত, ভারতই রাম”। এর পাল্টা আবার ফিরহাদ হাকিম বলেছিলেন, রামে কারোর কোনও স্বত্ত্ব থাকতে পারে না।
এবার আজ, বুধবার রাজ্যের বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে লেখেন, “এই ভিডিওটি ইউপি বা বিহারের বলে নিশ্চয়ই তৃণমূলীরা মনে করে না। এটা আমাদের নিজস্ব পশ্চিমবঙ্গের। গত সন্ধ্যায় মা দুর্গার বিসর্জনের শোভাযাত্রায় এই ধরনের দৃশ্য বিশ্বজুড়ে খুবই সাধারণ ছিল। ভগবান রামকে শ্রদ্ধা জানানোর জন্য সমস্ত আয়োজকদের ধন্যবাদ। বাংলা ‘সঠিক’ রাস্তায় আছে। জয় শ্রী রাম”।
Tolamoolis don't assume that this video is from UP or Bihar. This is from our very own West Bengal. Such scenes were very common across WB during immersion processions of Maa Durga last evening.
Thanks to all the Organisers for paying ode to Lord Rama. Bengal is on the "RIGHT"… pic.twitter.com/fRlmphlAgK— Suvendu Adhikari (@SuvenduWB) October 25, 2023
কী রয়েছে শুভেন্দুর এই ভিডিওতে?
শুভেন্দু শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে এক জায়গায় প্রচুর মানুষ নাচছেন। বক্সে বাজছে ‘জয় শ্রীরাম’ রিমিক্স। রাস্তার দু’ধারে আলোর যে রোশনাই, সেখানেও ধনুক হাতে রামের আলোর প্রতিকৃতি। এই ছবি দেখেই শুভেন্দুর মত, বাংলা ঠিক জায়গাতেই রয়েছে।





