‘পার্থ-কেষ্ট চুনোপুঁটি, সব খেয়েছে হাওয়াই চটি, আসল চোরকে চোদ্দো তলা থেকে টেনে নামাতে হবে’, জনসভায় হুঁশিয়ারি শুভেন্দুর

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। একে অপরকে শানাতে একটুও কসুর করছে না কেউই। সভা, পাল্টা সভা সবই চলছে। এবার রাণাঘাটের (Ranaghat) সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বেলাগাম আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

গতকাল, শুক্রবার রাণাঘাটে এক জনসভা করেন শুভেন্দু। কিছুদিন আগেই সেখানে সভা করে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই সভার পাল্টা সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে হুঁশিয়ারি শানান শুভেন্দু অধিকারী।

এদিন সভায় নন্দীগ্রামের বিধায়ক বলেন, “আসল চোর কোথায় বসে আছে? চোদ্দো তলায় টেনে নামাতে হবে। দল একটা দায়িত্ব দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে। হারিয়েছি। আর একটা কাজ বাকি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। সে কাজটা আমি করব। আপনাদের নিয়েই করব”।

এর পাশাপাশি নদিয়ার সভা থেকে দলীয় পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে অভিষেককে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গের বড় ডাকাত, যাঁকে আমি ‘হালি নেতা’ বলি, তিনি যার আলোকে আলোকিত তাকে শুভেন্দু অধিকারী হারিয়েছে। এখানে এসে বলছে, প্রধান চোর”?

মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করে বিরোধী দলনেতার মন্তব্য, “পার্থ-কেষ্ট চুনোপুঁটি, সব খেয়েছে হাওয়াই চটি। হাওয়াই চটিকে ধরতে হবে। রানি মৌমাছি নিজে মধু সংগ্রহ করে না। শ্রমিক মৌমাছিরা মধু সংগ্রহ করে আর রানি মৌমাছি সেই মধু উপভোগ করে”।

থেমে থাকেনি শাসক দলও। শুভেন্দুর এই মন্তব্যের পাল্টা দেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, “এখনও গা থেকে তৃণমূলের গন্ধ যায়নি। বড় বিজেপি হওয়ার প্রতিযোগিতায় নেমে প্রলাপ বকছেন শুভেন্দু”।

আরও অন্যান্য খবর