‘জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অপমৃত্যু হয়েছে…’, অনিকেত-কিঞ্জলদের নিশানা করে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদের হাওয়া। দীর্ঘদিন করে কর্মবিরতি, আন্দোলন, বিক্ষোভ, অনশন করে প্রতিবাদ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল, শনিবার আর জি করে গণ কনভেনশনও করেন তারা। এবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গতকাল, শনিবার বঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন আবহেই আজ, রবিবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “চিকিৎসকদের আলাদা ফ্রন্ট তৈরি করেছে তৃণমূল। কিছু বাম এবং অতি বাম এদের আন্দোলনকে বিপথে চালিত করছে। যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, তাতে সমগ্র মানুষের আন্দোলন থেকে বিচ্যুতি ঘটেছে। অনিকেত মাহাতোরা ভুগছেন। বাম এবং অতি বামদের জন্য এই আন্দোলনের অপমৃত্যু হয়েছে”।

নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন জুনিয়র চিকিৎসকরা। সেই বৈঠক নিয়েও তাদের তোপ দাগেন বিজেপি নেতা। বলেন, “জুনিয়র ডাক্তারদের সব ভালো লেগেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে সাক্ষাৎ আমার এবং মানুষের ভালো লাগেনি। কারণ, মমতা এসবের জন্য দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় আসল দোষী। অন্যভাবেও সরকারের সঙ্গে বৈঠক করতে পারেন। কেন্দ্রের স্বাস্থ্যসচিবের মধ্যস্থতার দাবি করা উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা যে ফলপ্রসূ হতে পারে না, অশ্বডিম্ব হয় তা প্রমাণিত। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরুটা ভালো। ফিনিশিংটা ভালো নয়”।

তবে তিনি হুঁশিয়ারি দিয়ে এও জানিয়ে দেন যে আর জি কোর নিয়ে আন্দোলন তাদের তরফে জারি থাকবে। শুভেন্দুর কথায়, “বিজেপি একেবারেই ছাড়বে না। দীপাবলির পরই শুরু হবে”।

এদিন সরকারি হাসপাতালে থ্রেট কালচার নিয়ে সরব হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা হাড়ে হাড়ে চিনি। আগেই বলেছিলাম। প্রধান অভিযুক্তের সঙ্গে বৈঠক করছে জুনিয়র ডাক্তাররা। থ্রেট কালচারের জনক মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ফ্রন্ট চলে আসবে। যাদের নাম শুনেছি অভিযুক্ত হিসেবে, তারা সামনে আসবেই”।

আরও পড়ুনঃ ‘এনডিএ সরকারের আমলে বাংলায় অনেক বেশি টাকা দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা তৃণমূল নেতাদের পকেটে’, বনগাঁ থেকে তৃণমূলকে শানালেন অমিত শাহ

বলে রাখি, জুনিয়র চিকিৎসকরা এখন দ্বিধাবিভক্ত। থ্রেট কালচারে অভিযুক্ত শ্রীশ, সৌরভরা এখন আবার অনিকেত, কিঞ্জলদের বিরুদ্ধে ‘টেরর কালচার’-এর পাল্টা অভিযোগ এনেছে। তাদের কথায়, আর জি করের নির্যাতিতার ন্যায় বিচারের নামে ৪.৭৫ কোটি টাকা তুলেছেন অনিকেতরা। আর এই নিয়ে এই মুহূর্তে রাজ্যে তুমুল শোরগোল।

আরও অন্যান্য খবর