আগামী মাসেই বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচন। এর আগে গতকাল, শনিবার রাতে কলকাতায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, রবিবার বনগাঁ সীমান্তে বিএসএফের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই ফের একবার বাংলার সরকারকে তুলোধোনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার উন্নয়নের টাকায় তৃণমূল নেতারা পকেট ভরাচ্ছেন বলে দাবী তাঁর।
রবিবার বনগাঁ সীমান্তে টার্মিনাল ট্রু ও মৈত্রীদ্বারের উদ্বোধন করেন অমিত শাহ। সেখান থেকেই ফের একবার বাংলার দুর্নীতি নিয়ে সরব হন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী দাবী, “উন্নয়নের টাকা তৃণমূলের নেতাদের পকেটে ঢুকে গেলে বাংলার উন্নয়ন হবে কী করে? ২৬ এ আপনারা পরিবর্তন আনুন, বাংলার সার্বিক উন্নয়ন হবে”।
শাহ্’র কথায়, ইউপিএ সরকারের আমলের থেকে এনডিএ সরকারের আমলে বাংলায় অনেক বেশি টাকা দেওয়া হয়েছে। কিন্তু তা বাংলাত মানুষের কাছে পৌঁছয় নি। অমিত শাহ বলেন, “ইউপিএ সরকার কেন্দ্রে থাকাকালীন ১০ বছরে বাংলায় কেবল ২ লক্ষ ৯ হাজর কোটি টাকা দিয়েছিল। আর বিজেপি ২০১৪ থেকে ২০২৪ এ- ৭ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা দেওয়ার কাজ চলছে। কিন্তু প্রধানমন্ত্রী যে টাকা পাঠায় তা দুর্নীতির বলি হয়ে যায়। তবে আমি বলছি আপনাদের আচ্ছে দিন শুরু হবে”।
মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শাহ বলেন, “নরেন্দ্র মোদী সরকার যেভাবে পশ্চিমবঙ্গ কে অর্থনৈতিকভাবে সাহায্য করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কে বলব আপনি তখন কি করছিলেন যখন ইউপিএ সরকার রাজ্যকে কোনও অর্থনৈতিক সুবিধা দিচ্ছিল না? একদিন এই বাংলা সোনার বাংলা হবে। এই বাংলা শস্য শ্যামলা হবে।আমরা সোনার বাংলার সরকার করব।২০২৬ সাল বাংলার মানুষের জন্য সোনার বাংলা নিয়ে আসবে”।
এখানেই শেষ নয়, এদিন বাংলায় অনুপ্রবেশের অভিযোগ নিয়েও সরব হন তিনি। বলেন, “বাংলায় অশান্তির মূলে রয়েছে এই অনুপ্রবেশ। অনুপ্রবেশ বন্ধ হলে বাংলায় শান্তি ফিরবে। আর সেটা করতে পারে একমাত্র বিজেপিই”।
আরও পড়ুনঃ ‘কালীপুজোয় কেন অনুদান নয়’! দুর্গাপুজোর মতো এবার কালীপুজোতেও সরকারি অনুদান দাবী করল কালীপুজো কমিটিগুলি
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবী করেন কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করেছে। নানান প্রকল্পে টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্র সরকারকে বারবার দেগেছেন তিনি। তবে এবার অমিত শাহ বাংলায় এসে বাংলাকে দেওয়া কেন্দ্রীয় সরকারের অনুদান নিয়ে হিসেব দিলেন। এর প্রেক্ষিতে রাজ্য সরকারের কী প্রতিক্রিয়া হয়, সেটাই দেখার!





