‘মমতাকে হারাব, ওঁর আবার প্রধানমন্ত্রী হওয়ার শখ হয়েছে’, লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীকে ফের চ্যালেঞ্জ শুভেন্দুর

বছর গড়ালেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের হারানোর চ্যালেঞ্জ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি এও হুঁশিয়ারি দেন যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও গো-হারান হারাবেন।

কী বলেছেন শুভেন্দু অধিকারী?

আজ, শনিবার তমলুকে এক সভা থেকে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, তৃণমূল নেত্রী নাকি আতঙ্কে ভুগছেন। দুর্নীতির প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “লোকসভা ভোট আসছে। ভোটে সমস্ত দুর্নীতিবাজদের হটাতে হবে। এদের পরিণতি কী হয় দেখতে থাকুন। এটাই মোদি সরকার। না খাউঙ্গা, না খানেদুঙ্গা”।

এদিন রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গও টানেন বিরোধী দলনেতা। তাঁর হুঙ্কার, “লোকসভা ভোটে এই আটা চোর, গম চোর, বালি চোর, কয়লা চোর তোলামূলীদের হারাতে হবে। এখন থেকেই প্রস্তুতি নিন”।

এদিনের এই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শুভেন্দু। বলেন, “ওঁর আবার প্রধানমন্ত্রী হওয়ার শখ হয়েছে! ক্ষমতা থাকলে কাঁথি, তমলুকে আসুক মমতা বন্দ্যোপাধ্যায়। আবার হারাব। বলে বলে হারাব। ডায়মন্ড হারবারে ভাইপোকে হারাব। অন্য় লোককে দাঁড় করিয়ে হারাব। বিজেপিকে জেতাব”।

বিরোধী দলনেতার এহেন মন্তব্য স্বাভাবিকভাবেই সাড়া ফেলেছে রাজ্য-রাজনীতিতে। বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এই মন্তব্যকে ঘিরে। বলে রাখি, একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূলের দাবী ভোট গণনাতে কারচুপি হয়েছে। সেই নিয়ে মামলা এখনও চলছে কলকাতা হাইকোর্টে।

RELATED Articles