মহাশিবরাত্রি উপলক্ষ্যে খুলে গেল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ, দুধপুকুরে স্নান করে মহাদেবের পুজো দিতে জমায়েত ভক্তদের

মহা শিবরাত্রি উপলক্ষ্যে খুলে গেল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। শিবলিঙ্গের মাথায় জল ঢালতে এদিন সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল মন্দির চত্বরে।

এতদিন তারকেশ্বর মন্দির খোলা থাকলেও, মন্দিরের গর্ভগৃহ বন্ধই রাখা হয়েছিল। তবে আজ সেই নিষেধাজ্ঞা উঠে গেল। মন্দির সংলগ্ন দুধপুকুরে স্নান সেরে পুণ্যার্থীরা দুধ, গঙ্গাজল, ফুল, বেলপাতা দিয়ে পুজো দিচ্ছেন মহাদেবের।

করোনা পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছে পৃথিবী। এক এক করে খুলে দেওয়া হচ্ছে ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান। বেশ কয়েক মাস আগে তারকেশ্বর মন্দির খুলে গেলেও গর্ভগৃহে ঢোকার কোনও অনুমতি ছিল না ভক্তদের।

এইসময় পুজো অর্চনার সমস্ত কাজ হত গর্ভগৃহের বাইরের মন্দিরে। গর্ভগৃহের বাইরে নির্দিষ্ট স্থানে জল ঢালতে হত ভক্তদের। তবে শিবরাত্রির দিন থেকে সেই নিষেধাজ্ঞা উঠে গেল। এদিন সকাল ৬টায় মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই খুলে দেওয়া হয় গর্ভগৃহের দরজাও। অবাধ প্রবেশাধিকার দেওয়া হয় ভক্তদের।

আজ, মঙ্গলবার সকাল থেকেই শিবরাত্রীর উপলক্ষ‍ে গর্ভগৃহে ঢুকে জল ঢালতে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্দির সংলগ্ন দুধপুকুরে স্নান করে দুধ, জল, ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা নিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন ভক্তরা।

গর্ভগৃহে ঢুকে পুজো অর্চনা করে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে পেরে ভক্তরা বেশ খুশি। এই বিশেষ দিনে গত বছর তারকেশ্বর মন্দির খোলা থাকলেও গর্ভগৃহ বন্ধ ছিল। এই কারণে এই বছর শিবরাত্রির তিথিতে সরাসরি গর্ভগৃহে প্রবেশ করতে সকাল থেকেই ভিড় উপচে পড়েছে মন্দিরে।

এদিন নিরাপত্তার জন্য তারকেশ্বর থানার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য মন্দির সংলগ্ন স্থানে রাখা রয়েছে দমকল ও অ্যাম্বুলেন্স। এমনকি, প্রশাসনের পক্ষ থেকে দুধপুকুরে রাখা হয়েছে স্পিডবোট।

RELATED Articles