‘এ হেঃ, ইংরেজিটা কেউ একটু দেখে দিতে পারে না’, সুব্রতর প্রয়াণে ইংরেজিতে টুইট করা নিয়ে দিলীপকে কটাক্ষ তথাগতর

দিলীপ ঘোষের বিরুদ্ধে তিনি আগেও অনেকবার সুর চড়িয়েছেন। উপনির্বাচনে বিজেপির ধরাশায়ী হওয়ার পর তথাগত রায়ের সেই আক্রমণের সুর যেন আরও বেড়েছে। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর ইংরেজিতে শোকবার্তা জানিয়েছিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এবার সেই নিয়েও তাঁকে কটাক্ষ শানালেন তথাগত রায়।

দিলীপ ঘোষের এই টুইটকে রিটুইট করে তিনি লেখেন, “এ হেঃ, ইংরেজিটা একটু কেউ দেখে দিতে পারে না”? এর নীচে দিলীপ ঘোষের শোকবার্তা তুলে ধরেছিলেন তিনি। তবে পরবর্তীতে তিনি এই টুইটটি মুছে দেন।

এই ঘটনা নিয়ে বিজেপির অন্দরে শুরু হয়েছে আলোচনা। দিলীপ ঘোষের এই টুইটকে রিটুইট করে তথাগত রায় যে দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন, তা বেশ স্পষ্ট।

https://twitter.com/DilipGhoshBJP/status/1456331568641937416?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1456331568641937416%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fbengal%2Fkolkata%2Fagain-tathagata-roy-attacks-dilip-ghosh-in-his-tweet-31636101102028.html

তবে এই প্রথমবার নয়, এর আগেও তিনি বারবার দিলীপ ঘোষের বিরুদ্ধে নানান কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপ ঘোষের বারমুডা মন্তব্য যে নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কাজ করেছে, তা আগেই বলেছেন তিনি। এনিয়ে তিনি ফেসবুকে একটি পোস্টও করেন।

এই নিয়েও বিজেপির অন্দরে কম জলঘোলা হয়নি। সেই রেশ কাটতে না কাটতেই, এবার ফের দিলীপ ঘোষের ইংরেজি টুইট নিয়ে আক্রমণ করলেন তথাগত রায়। অনেকেরই প্রশ্ন, শুধু রাজনৈতিক আক্রমণই নয়, এবার কী তাহলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির পড়াশোনা নিয়েও প্রশ্ন তুলবেন তথাগত?

তবে মনে করা হচ্ছে, আগাম বিতর্কের কথা মাথায় রেখেই নিজের টুইটটি মুছে দেন তথাগত। শুধু দিলীপ ঘোষই নয়, এর আগেও কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে নিয়েও তোপ দেগেছেন তথাগত। এরপর তথাগত রায়ের আক্রমণ কার উপর গিয়ে পড়ে, এখন সেটাই দেখার।

RELATED Articles