দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আমেরিকার এক হাসপাতালে তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছে। এই বিষয় নিয়ে তোপ দাগতে ছাড়ে নি বিরোধীরা। এই নিয়ে টুইট করেছেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। মার্কিন মুলুকে গিয়ে চিকিৎসা করানোর ব্যয়ভার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। সেই নিয়ে পাল্টা জবাব দিয়ে অভিষেকের চোখে অস্ত্রোপচারের ছবি পোস্ট করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
গত ১৩ অক্টোবর টুইট করে তথাগত রায় লেখেন, “অভিষেকের চোখে ঠিক কী হয়েছে, কোন শহরে কোন হাসপাতালে কোন ডাক্তার কি অপারেশন করলেন জানলে বড় ভাল হত। প্রথমে তো শুনেছিলাম উনি চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন ! ইনসিওরেন্স ছাড়া আমেরিকায় চিকিৎসার খরচ আকাশছোঁয়া। খরচই বা কত হল, টাকাই বা কে দিলেন? কেউ একটু RTI করে দেখবেন নাকি”?

এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “একদম বিশ্বাস নেই।সরকারি হাসপাতালে বিশ্বাস নেই তাই বেসরকারি হাসপাতালে যান। দ্বিতীয় হল টাকা-পয়সার গণ্ডগোল। সত্য-মিথ্যা পরে জানা যাবে”।
এরপর শনিবার কুণাল ঘোষ একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, “যাঁরা অভিষেকের চোখের চিকিৎসা এবং অস্ত্রোপচার নিয়ে অমানবিক ভাবে সমালোচনা করছিলেন, তাঁদের ওঁর চোখের অবস্থা দেখা উচিত। অভিষেকের এই চোখটি দুর্ঘটনায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করি”।
তিনি আরও বলেন, “কলকাতাতেও চিকিৎসা হয়েছে, অন্য রাজ্যেও হয়েছে। আসলে শুধু চোখ নয়, আইবল থেকে শুরু করে ভিতরের হাড় সমস্ত কিছু এতটাই ক্ষতিগ্রস্থ খুব সেন্সটিভ অপরেশন দরকার। আমি সেই ছবিটা পোস্ট করেছি। যে বা যাঁরা ওর চিকিৎসা নিয়ে সমালোচনা করছেন তাঁরা দেখুক যে এই অবস্থার মধ্যেও কিন্তু আমাদের সেনাপতি সমস্ত লড়াই বুক চিতিয়ে করে যাচ্ছেন”।
https://twitter.com/KunalGhoshAgain/status/1581122374015287296?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1581122374015287296%7Ctwgr%5Ef996803f14d633872b8f5a8b0f4bd997773a9d58%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fabhishek-banerjee-has-undergone-an-operation-and-is-under-observation-at-usa-hospital-au54-669021.html
বলে রাখি, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা দুধের গাড়িতে ধাক্কা মারে অভিষেকের গাড়ি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তাঁর গাড়িটি। জ্ঞান হারান অভিষেক। ওই দুর্ঘটনাতেই বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায় অভিষেকের।
এরপর থেকেই চোখের সমস্যায় ভুগছেন তৃণমূল সাংসদ। আমেরিকার হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার সফল হয়েছে। সম্প্রতি নবান্নে ঘনিষ্ঠ মহলে অভিষেকের চোখের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






