ফের রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। হাওড়ার শিবপুরের একটি আবাসনে রাখা গাড়ি থেকে দু’কোটি কুড়ি লক্ষ পঞ্চাশ হাজার উদ্ধার করল পুলিশ। শুধু টাকাই নয়, ওই গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সোনা, রুপো ও হিরের গয়নাও। সূত্রের খবর অনুযায়ী, নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে হাওড়ার শিবপুরে অভিযান চালায় কলকাতার হেয়ার স্ট্রীটের থানার পুলিশ। তাদের সহায়তা করে শিবপুর থানার পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন নিয়ে সন্দেহ তৈরি হয়। বিষয়টি নজরে আনা হয় লালবাজারের নজরে। তদন্তে নেমে হাওড়ার শৈলেশ পাণ্ডে নামক এক ব্যক্তির নাম উঠে আসে। গত ১৪ তারিখ হেয়ার স্ট্রিট থানায় এই নিয়ে অভিযোগ দায়ের হয়।
সেই অভিযোগের উপর ভিত্তি করেই শনিবার রাতে তাঁর তিনটি বাড়ি – সান্তা সিং মোড়, মন্দিরতলা এলাকায়, কাউস ঘাট রোড হানা দেয় পুলিশ। বাড়িগুলিতে কাউকে পাওয়া যায়নি। কিন্তু, কাউস ঘাট রোডের আবাসনের পার্কিয়ে রাখা একটি গাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধার হয়।
জানা গিয়েছে, গতকাল, শনিবার রাতে হাওড়ার শিবপুরে শৈলেশ পাণ্ডের বাড়িতে হানা দেয় পুলিশ। সূত্রের খবর, যে গাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা ও গয়না উদ্ধার হয়েছে, সেই গাড়িটি শৈলেশ পাণ্ডের ভাই অরবিন্দ পাণ্ডের।
সূত্রের খবর, একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা লেনদেনের খবর এসেছিল। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে লালবাজারের ব্যাঙ্ক ফ্রড শাখা। সেই তদন্তেই উঠে আসে শৈলেশ পাণ্ডের নাম। এরপর থেকেই তার খোঁজ চালায় পুলিশ। তবে গাড়িতে এত টাকা কীভাবে এল, তা নিয়ে তদন্ত চালানো হচ্ছে বলে খবর।





