বিধানসভা নির্বাচনের মতোই কলকাতা পুরসভা নির্বাচনেও ভরাডুবি হয়েছে বিজেপির। দ্বিতীয়ও নয়, তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে গেরুয়া শিবির। আর এই নিয়ে এবার বিজেপিকে কটাক্ষ শানাতে বাদ গেলেন না বিজেপি নেতা তথাগত রায়। এর পাশাপাশি তিনি তোপ দাগলেন তৃনমূলকেও। তিনি বলেন যে তৃণমূল চুরমার হয়ে যাবে।
পুরভোটের ফল প্রকাশ হওয়ার পর গতকাল অর্থাৎ ২২শে ডিসেম্বর বিজেপিকে তোপ দাগেন তথাগত রায়। টুইটে তিনি লেখেন, “প্রতীক্ষা শেষ। আশঙ্কা সত্য হল”। তাঁর এই টুইট নিয়ে অনেকেই সমালোচনা করেছেন।
এর পরিপ্রেক্ষিতেই আরও একটি টুইট করেন বিজেপি নেতা। তথাগত রায় লেখেন, “প্রকাশ্যে বিজেপির সম্বন্ধে মন্তব্যে কেউ কেউ দুঃখ পাচ্ছেন। আমি নিজেই তো পাচ্ছি! কিন্তু উপায় নেই| যা বলার ছিল গোপনে বহুবার বলা হয়েছে। কোনও লাভ হয়নি। আমার বয়স হল বা কি হল, বেঁচে আছি নাকি মরে গেছি, তাতে কারও কিছু আসে যায় না। বাঙালি হিন্দুর যে সর্বনাশ হতে চলেছে সেটাই বিবেচ্য”।
তাঁর এই টুইট নিয়েও কম জলঘোলা হয়নি। এই টুইটের উত্তরে এক ব্যক্তি লেখেন, “এত ভেঙ্গে পড়বেন না। নিশ্চিত জানবেন তৃণমূল এই পশ্চিমবঙ্গে একদিন শূন্য হয়ে যাবে, সিপিএম হারবে কেউ ভেবেছিল”?
আজ, বৃহস্পতিবার সেই টুইটেরও উত্তর দেন তথাগত রায়। বেশ হতাশা প্রকাশ করেই তিনি লেখেন, “আমার ভেঙে পড়ার কিছু নেই, কারণ আমার পাওয়ার কিছু নেই। জানি তৃণমূল চুরমার হয়ে যাবে, কারণ একনেতা নির্ভর নীতিহীন পার্টি বেশিদিন টেকে না। শুধু চোখের সামনে বিজেপি নিজের পায়ে কুড়ুল মারল এবং ধীরে ধীরে নিশ্চিহ্ন হবার পথে এগিয়ে যাচ্ছে দেখে খারাপ লাগে, এই যা”।
এদিকে আবার তৃণমূল সম্পর্কে মন্তব্য করেও কটাক্ষের মুখে পড়েন তথাগত রায়। তবে নিন্দুকদের মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন তিনি। লিখেছেন, “তৃণমূল চুরমার হয়ে যাবে শুনে মুলোগুষ্ঠি আবার খেপে উঠে ট্রোল করতে আরম্ভ করেছে। বেশিরভাগ আমার বয়স আর স্বাস্থ্য নিয়ে গভীর দুশ্চিন্তা! তবে অশ্লীলতা করলেই ব্লক”।





