নতুন বছরের প্রথমের দিকেই বকেয়া পুরসভাগুলিতে ভোট সেরে ফেলতে চায় রাজ্য কমিশন, কবে কোথায় ভোট? জেনে নিন

কলকাতা পুরভোটের রেশ কাটতে না কাটতে ফের রাজ্যে ভোটের বাদ্যি বাজতে চলেছে। রাজ্যের বাকি পুরসভাগুলিতে কবে ভোট হবে, এ নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। রাজ্য নির্বাচন কমিশনের কাছেও কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছিল যে বাকি পুরসভায় ভোট হবে কবে? ২৩শে ডিসেম্বর এই নিয়ে সম্ভাব্য তারিখ জানানোর নির্দেশ দেয় আদালত। সেই অনুযায়ী এবার ভোটের দিন বাতলে দিল নির্বাচন কমিশন।

পরবর্তী ভোটের পরিকল্পনার কথা আদালতে জানিয়ে রাজ্য নির্বাচন কমিশন বলেছে যে বাকি ১১১টি পুরসভায় ভোট হবে দু’দফায়। আগামী ২২শে জানুয়ারি প্রথম দফায় ভোট হবে। আর দ্বিতীয় দফায় ভোট হবে ২৭শে ফেব্রুয়ারি। প্রথম দফায় ভোট হওয়ার কথা হাওড়া, চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল, বিধাননগরে। আর বাকি সবকটি পুরসভায় দ্বিতীয় দফায় ভোট হবে। এদিন হাইকোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

বকেয়া ১১১টি পুরসভায় কবে ভোট ঘোষণা হবে, কলকাতা পুরভোটের দিন ঘোষণার পরেই দু’টি জনস্বার্থ মামলায় সে কথা জানতে চাওয়া হয়েছিল। এর পাশাপাশি এও প্রশ্ন করা হয়েছিল যে রাজ্য কেন এ নিয়ে দেরি করছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে রাজ্যের কাছে। এদিন ওই মামলাটি আদালতে উঠলে হলফনামা দিয়ে রাজ্যের বাকি পুরসভার ভোটের সম্ভাব্য দিনক্ষণ জানাল রাজ্য নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার কলকাতা পুরভোটের ফলাফল ঘোষণা হয়েছে। ১৩৪টি ওয়ার্ডে জয় হয়েছে তৃণমূলের। এই বিপুল জয়ের পর শহরজুড়ে উঠেছিল ‘খেলা হবে’ স্লোগান।

RELATED Articles