কোচবিহারে গাছের উপরে মাচা করে কোয়ারেন্টাইন সেন্টার তৈরী করেছেন চা বাগানের এক কর্মী। ওই কর্মী জানিয়েছেন, করোনা থেকে বাঁচতে মানুষকে গৃহবন্দি থাকতে বলা হচ্ছে, সে কথা মাথায় রেখেই তিনি গাছের ওপর এই কোয়ারেন্টাইন সেন্টার বানিয়েছেন। সরকারি সাহায্য পেলে আরও ভাল কোয়ারেন্টাইন সেন্টার বানাতে পারতেন বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, দেশে করোনার সংখ্যা বেড়েই চলেছে ক্রমশ। এই মুহূর্তে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩৭৪। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ আরও ৪৭২। মৃত্যু হয়েছে ৭৯ জনের। অন্যদিকে ২৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ওই রাজ্যে আক্রান্ত ৪৯০ জন। দ্বিতীয়স্থানে আছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৮৫। তারপরেই দিল্লি। দিল্লিতে করোনা আক্রান্ত ৪৪৫। কেরলে করোনা আক্রান্তের সংখ্যা ৩০৬। ইতিমধ্যে করোনা সংক্রমণ ঠেকাতে আইসিএমআর পরামর্শ দিয়েছে, কেউ যেন রাস্তায় পান বা তামাক খেয়ে পিক না ফেলেন। লকডাউন অমান্য করার ঘটনা আটকাতে গুয়াহাটি ও দেরাদুনে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে পুলিশ।





