ঝোড়ো ব্যাটিং শীতের! হু হু করে নামছে তাপমাত্রা, আসছে কনকনে শীতের মরশুম, জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

রাজ্যজুড়ে এখন শীতের ভরপুর মরশুম। অবশেষে শীতবিলাসীদের মনে লেগেছে শীতের নাচন। নানান কাঁটা পেরিয়ে বঙ্গে এখন শীতের তুখোড় স্পেল। হু হু করে নামতে শুরু করেছে তাপমাত্রা। শীতের যা আমেজ, তাতে শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি হল।  

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পর্যন্ত জাঁকিয়ে শীতের পরিস্থিতি থাকবে। আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের থেকে নীচে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কলকাতার থেকে অনেকটাই কম। প্রায় অর্ধেকও বলা যেতে পারে।

হাওয়া অফিস জানাচ্ছে, আজ, শনিবার সকালে পুরুলিয়ার তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি, শ্রীনিকেতনে ৮.২ ডিগ্রি, ঝাড়গ্রামে ৯ ডিগ্রি, পানাগড়ে ৯.৬ ডিগ্রি, কল্যাণীতে ১০.৫ ডিগ্রি, বর্ধমানে ১০ ডিগ্রি, বাঁকুড়ায় ১১.৪ ডিগ্রি, দিঘাতে ১২ ডিগ্রি। আবার উলুবেড়িয়ায় ১১.৪ ডিগ্রি, ডায়মন্ড হারবারে ১৩.৪ ডিগ্রি, ক্যানিংয়ে ১৩.৬ ডিগ্রি ও দমদমে ১৪ ডিগ্রি।

পশ্চিমের ৭ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে আগামীকাল, রবিবার শৈত্যপ্রবাহ চলবে। সোমবার আবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোম ও মঙ্গলবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।   

পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ও বীরভূমে কুয়াশার দাপট থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গেও জমিয়ে চলছে শীতের স্পেল। তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচেই। ১৮ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, দুই দিনাজপুর, মালদহ, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর