মাঘের মাঝেই শীতের ইতি! এক রাতে কলকাতার তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি, ফের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

এখনও মাঘ মাস শেষ হয়নি। আর এরই মধ্যে বঙ্গকে বিদায় জানাল শীত। এক রাতের মধ্যেই তাপমাত্রা লাফিয়ে বেড়ে গেল ৩ ডিগ্রি। সকালের দিকে সামান্য কুয়াশাও দেখা গেল মঙ্গলবার। যদিও বেলা বাড়তে তা কেটে যায়। এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।  

কলকাতা থেকে কার্যত শীত উধাও। এক রাতে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯২ শতাংশ। তবে শীত এখনই বিদায় নেবে কী না, তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না হাওয়া অফিস। সপ্তাহান্তে ফের তাপমাত্রা কমতে পারে বলে খবর।

ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

হাওয়া অফিস সূত্রে খবর, একদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আর অন্যদিকে রয়েছে পুবালি হাওয়ার দাপট। এই দুইয়ের সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ, মঙ্গলবার রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।  

আজ, মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলায় কুয়াশার দাপট দেখা যাবে বলে খবর। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর।   

অন্যদিকে, পঞ্জাব, হরিয়ানা,চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশে কুয়াশা আবৃত থাকতে পারে মঙ্গলবার। আগামী তিন দিনে পূর্ব ভারতের রাজ্যগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles