রাতারাতি শীতের ভোলবদল, বাড়ল তাপমাত্রা, বড়দিনেও কী জাঁকিয়ে ঠাণ্ডা উপভোগ করবে না বঙ্গবাসী?

মাঝ ডিসেম্বরেই শীতবিলাসীদের জন্য জন্য এল দুঃসংবাদ। সোমবারের থেকে মঙ্গলবার সামান্য বেড়ে গেল তাপমাত্রা। সপ্তাহান্তে আরও কিছুটা তাপমাত্রা বাড়বে বলে জানাল আবহাওয়া দফতর। এখন বঙ্গবাসীর মনে তাই প্রশ্ন উঠেছে বড়দিনেও কী এবছর শীত উপভোগ করা যাবে না?

আবহাওয়া সম্পর্কে কী জানাল হাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, বুধবার সকাল থেকে পরিস্কার থাকবে আকাশ। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছিল। আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫. ১ ডিগ্রি যা গতকালের তুলনায় সামান্য বেশি। কলকাতা সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।

অন্যদিকে, পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কোথাও কোথাও আবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচেও নেমে যেতে পারে। পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার তাপমাত্রা অনেকটাই কম থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ডিসেম্বরের শুরুতেই দারুণ ব্যাটিং শুরু করেছিল শীত। কিন্তু আবহাওয়া দফতর এবার জানাচ্ছে, শুক্রবার থেকে পরিবর্তন হবে আবহাওয়ার। শনি ও রবিবার তাপমাত্রা বাড়বে। আর পরের সপ্তাহের শুক্রবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে। অর্থাৎ বড়দিনে হাড়কাঁপানো ঠাণ্ডা পাবেন না বঙ্গবাসী।

কেন এভাবে শীতের হাওয়া বদলাচ্ছে?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসার থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। জলীয় বাষ্প ঢুকলে রাতের তাপমাত্রা নামতে পারে না। এছাড়া উত্তর ভারত থেকে শুকনো বাতাস প্রবেশ করতে পারে না, সেই কারণেই শীতের চরিত্র বদলে যাচ্ছে। অর্থাৎ শীত মানে যে শুষ্ক আবহাওয়া আর হিমেল হাওয়া, তা আগামী কয়েকদিনে মিলবে না।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড প্যাসেজ তৈরি হয়েছে। এর জেরে উত্তর-পশ্চিম ভারত ও মধ্য ভারতে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে। এই কোল্ড প্যাসেজের আওতায় পড়ছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তর রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্রিশগড়, উত্তর ঝাড়খণ্ড, পশ্চিম বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি। সেখানে ৫ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। 

RELATED Articles