দু’দিন আকাশ মেঘলা থাকার কারণে সকলেই সংশয়ে ছিল যে বছরের শেষ দিনটা আবহাওয়া কেমন থাকবে। তবে পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই এদিন সকাল থেকেই ঝকঝকে পরিস্কার আকাশ দেখেছে কলকাতাবাসী। আপাতত আর কালো আকাশ দেখার অবকাশ নেই ।
আজ বেলা গড়াতেই শীতের মিঠে রোদ উপভোগ করছে শহরবাসী। এদিন ভোরবেলা থেকেই ছিল কুয়াশার দাপট। বছরের প্রথম দিনন কুয়াশার দাপট থাকবে বলেই জানা যাচ্ছে।
আবহাওয়া অফিস জানাচ্ছে, নতুন বছরে কমবে ঠাণ্ডা। ১লা জানুয়ারি থেকে কলকাতায় এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমবে। ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। বৃষ্টিপাতের সম্ভাবনা আর নেই। আজ, শুক্রবার রাত থেকেই ফিরেছে উত্তুরে হাওয়া। এর জেরে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের খবর অনুযায়ী ১ জানুয়ারির পরে আরও কিছুটা তাপমাত্রা কমবে। তবে আগামী ৪ থেকে ৫ দিনে মধ্যে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। কনকনে ঠান্ডা না হলেও শীতের আমেজ থাকবে। আগামী ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যেতে পারে রাজ্যে, এই কারণে কনকনে ঠাণ্ডা পড়বে না।
তবে পরবর্তীতে কলকাতার তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে ফিরবে কী না, তা এখনই বলা যাচ্ছে না। কলকাতায় ১১ ডিগ্রির ঘরে ঠাণ্ডা না থাকলে জেলায় কিন্তু তাপমাত্রা ১১-১২ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করার সম্ভাবনা। এদিকে উত্তরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে মাঝারি বৃষ্টি হতে পারে।






