দিঘার সৈকতে তো বটেই এর পাশাপাশি দিঘার রাস্তাঘাটেও মাইকিং করে প্রচার শুরু করা হয়েছে প্রশাসনের তরফে। না, আবহাওয়া সংক্রান্ত কোনও বিধিনিষেধ নয়। তব দিঘার সমুদ্র সৈকতে ও রাস্তাঘাটে গরু-ছাগল চরানোর উপর নিষেধাজ্ঞা জারি করতেই প্রশাসন এই মাইকিং শুরু করেছে বলে জানা গিয়েছে।
মাইকের ঘোষণায় বলা হচ্ছে যে দিঘার রাস্তাঘাট থেকে সৈকত, কোনও জায়গায় গরু এবং ছাগল বা অন্য কোনও গবাদি পশু চরানো যাবে না। গরু-ছাগল চরতে দেখলেই পোষ্যদের মালিকদের জরিমানা দিতে হবে। মাইকিং করে প্রশাসনিক নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে জরিমানা বাবদ দিতে হবে বলে দু’ হাজার টাকা।
রাজ্য সরকারের তরফে কোটি কোটি টাকা খরচ করে দিঘাকে আরও সুন্দর করে তোলা হচ্ছে। কিন্তু সেই দিঘার সৈকতে ও রাস্তাঘাটে গরু-ছাগল চড়ে বেরানোর ফলে দিঘা সুন্দরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে। পরিবেশ নোংরা হচ্ছে, এমন অভিযোগ করছেন পর্যটকরাই।
গবাদি পশু ঘুরে বেড়ানোর, ফলে সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এমনকি সাজানো গোছানো জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে এই গবাদি পশুরা, এমন অভিযোগও তুলেছেন স্থানীয় মানুষরা। এই কথা মাথায় রেখেই দিঘা পর্যটন কেন্দ্রকে সুন্দর রাখার জন্য দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঘোষণা অনুযায়ী, দিঘা এলাকায় কিংবা সমুদ্র সৈকতে গবাদি পশু ছেড়ে রাখা যাবে না। এই নিয়মের অন্যথা হলে মালিকপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাদের থেকে প্রতিদিন দু’ হাজার টাকা করে জরিমানা নেওয়া হবে। পর্ষদের পক্ষ থেকে এমন কথা জানিয়েই সারা দিঘা জুড়ে মাইকের মাধ্যমে প্রচার শুরু হয়েছে।





