ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই ফের নিম্নমুখী তাপমাত্রা, সপ্তাহান্তেই কী জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে বঙ্গে? কী জানাল হাওয়া অফিস?

ঘূর্ণিঝড়ের প্রভাবে গত সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় সামান্য হলেও বৃষ্টি হয়েছে। আর এর ফলে তাপমাত্রার পারদও বেড়েছিল খানিকটা। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই এবার ফের নিম্নমুখী পারদ।চলতি সপ্তাহেই কী জাঁকিয়ে শীত পড়বে বাংলায়, এখন সেই প্রশ্নই বঙ্গবাসীর মনে!

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলায় আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। দু’দিন পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে একটু। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। প্রায় ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে খবর। কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় আকাশ আজ মেঘলা ছিল বটে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটেছে মেঘ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আপাতত।

হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকছে। উত্তর-পূর্ব বাতাস ঢুকলেও এখনই উত্তর-পশ্চিমের বাতাসের সম্ভাবনা নেই। সকালের দিকে পশ্চিম মেদিনাপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে কুয়াশার প্রভাব বেশি থাকবে। তবে জাঁকিয়ে ঠাণ্ডা এখনই পড়ছে না বঙ্গে। আগামী সপ্তাহে আরও বেশি ঠাণ্ডার আমেজ উপভোগ করবে বঙ্গবাসী কিন্তু কনকনে ঠাণ্ডার কোনও পূর্বাভাস নেই আপাতত বঙ্গে।

আগামী বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি কোনও জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানাল হাওয়া অফিস।

গতকাল, সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী চার-পাঁচদিন তাপমাত্রার হেরফের তেমন হবে না বলেই জানা যাচ্ছে।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর