বঙ্গে দারুণ স্পেল শীতের, তাপমাত্রা নাম ১১ ডিগ্রির নীচে, এবার সোয়েটার-কম্বলের খেলা শুরু

অবশেষে বঙ্গে শুরু হয়েছে শীতের ঝোড়ো ব্যাটিং। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতার তাপমাত্রা নামল ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে। আর পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ ডিগ্রির নীচে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও নামবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা।

কী জানাচ্ছে হাওয়া অফিস?

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার হালকা বৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গে। এদিকে, দক্ষিণবঙ্গে বাড়বে উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব। অবাধ উত্তুরে হাওয়ার জের তাপমাত্রা কমবে। চলতি সপ্তাহে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী দু’দিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু’দিনে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়বে। কলকাতাতেও শীতের লম্বা স্পেল থাকবে। আগামী দু-তিনদিনে কলকাতার তাপমাত্রা আরও কিছুটা নেমে রাতে ১৪ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। এর প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। পরিস্কার মেঘমুক্তই থাকবে দক্ষিণবঙ্গের আকাশ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৩৯ শতাংশ।

অন্যদিকে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। রয়েছে কনকনে হাওয়া। গতকাল, সোমবার পুরুলিয়ার তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১১.৬, ঝাড়গ্রামে ১১। আবার, বীরভূমের শ্রীনিকেতনেও তাপমাত্রা ছিল ১১.৪। অন্যদিকে পশ্চিম বর্ধমানের পানাগড়, আসানসোলে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর