ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝা, এমন সমস্ত বাধা কাটিয়ে এবার অবশেষে বঙ্গে শীতের ঝোড়ো ব্যাটিং শুরু হতে চলেছে। তাপমাত্রা ধীর ধীরে নিম্নমুখী হচ্ছে। এর ফলে এই সপ্তাহ থেকেই শীত ভরপুর উপভোগ করতে পারবে বঙ্গবাসী, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে বিদায় নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে এবার আর উত্তুরে হাওয়া ঢুকতে কোনও বাধা নেই। এর জেরে সকাল-সন্ধ্যে ঠাণ্ডা আমেজ ভালোই বোঝা যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা একই থাকবে বলে খবর। বুধবার থেকে কমতে শুরু করবে পারদ।
আগামী তিনদিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামতে পারে আর পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমে যেতে পারে ১০ ডিগ্রিতে। মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় কুয়াশার দাপট থাকবে। সকালের দিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতে। তবে এখন আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং-সহ পার্বত্য জেলাগুলিতে আগামী কয়েকদিন কুয়াশার সতর্কতা রয়েছে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশা ও বাকি তিন জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। র্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদহে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে।
আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, সোমবার শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের এদিন জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪০ থেকে ৯১ শতাংশ।






