ঢুকছে উত্তুরে হাওয়া, শীতের আমেজ বঙ্গজুড়ে, আগামী সপ্তাহ থেকে আরও কমবে তাপমাত্রার পারদ, জমিয়ে পড়বে ঠাণ্ডা

আকাশ মেঘলা আর অন্যদিকে উত্তুরে হাওয়া ঢোকায় বেশ শীতের আমেজ এখন বাংলায়। নভেম্বরের শেষের দিকে শীতের দেখা না মিললেও ডিসেম্বরের শুরুর থেকেই বেশ জমিয়ে শীত পড়তে শুরু করেছে বঙ্গে। গতকাল কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১৫ ডিগ্রিতে। আজ কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে। আগামী সপ্তাহ থেকে বেশ জমিয়ে শীত পড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। তবে আগামীকাল থেকে শীতের আমেজ কমবে বলেই জানা যাচ্ছে। সোম-মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে তারপর থেকে ফের পারদ কমতে শুরু করবে।

গতকাল, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রির আশপাশেই, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশপাশে। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

এদিন সকাল থেকেই চারপাশ একটু কুয়াশাছন্নই ছিল। আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে বলেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। আবহবিদরা জানিয়েছেন যে ঘূর্ণিঝড় মনদৌসের প্রভাব বাংলায় পড়বে না।

এই ঘূর্ণিঝড়ের জেরে তামিলনাড়ুর উপকূলে ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরের আকাশে মেঘ থাকায় উত্তুরে হাওয়া ঢুকতে আপাতত একটু বাধা পাবে বটে বঙ্গে। তবে আগামী দু-তিনদিন পর ফের তাপমাত্রা কমতে শুরু করবে। হাওয়া অফিসের কথায়, মনদৌসের প্রভাব কেটে গেলেই ফের জমিয়ে ঠাণ্ডা পড়বে বাংলায়। ফলে বড়দিন ও নতুন বছর ভালোভাবেই উপভোগ করতে পারবে বঙ্গবাসী।

RELATED Articles