ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই বঙ্গ থেকে কার্যত উধাও হয়ে শীত। গোটা পৌষ মাস নরমে-গরমেই কাটিয়েছে বঙ্গবাসী। যখন সকলে ভাবতে শুরু করেছে যে এই বুঝি আর শীতের দেখা মিলল না, সোজা একেবারে বসন্ত দেখবে শহর, ঠিক সেই সময়ে সুখবর দিল হাওয়া অফিস?
কী জানাচ্ছে হাওয়া অফিস?
শীতকাল শুরুর সময় থেকেই ঘূর্ণিঝড়, ঘূর্ণাবর্ত, নিম্নচাপের জেরে বেশ বেগ পেতে হয়েছে শীতকে। তবে এবার হাওয়া বদলের সময় এসেছে। শীতবিলাসীদের জন্য সুখবর দিল আবহাওয়া দফতর। শীতের দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে সপ্তাহান্তেই। ৫-৬ দিনের শীতের স্পেল থাকবে রাজ্যে। এর ফলে বেশ ঠাণ্ডা উপভোগ করবে বঙ্গবাসী।
আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহের শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামতে শুরু করবে। এই মুহূর্তে পশ্চিমাঞ্চলের জেলা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ বা ৩ ডিগ্রি বেশি। আগামী ৪৮ ঘণ্টায় এই তাপমাত্রা স্বাভাবিক বা তারও সামান্য নীচে নামতে পারে বলে জানা গিয়েছে। সকালে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে পশ্চিমাঞ্চল, নদিয়া, ও মুর্শিদাবাদ জেলায় । বৃহস্পতিবার বিকেলের পর থেকে পাহাড়ি জেলাগুলিতে তাপমাত্রা নামতে শুরু করবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার তাপমাতার ১৪ ডিগ্রিতে নেমে গিয়েছে। অন্যদিকে আবার পশ্চিমাঞ্চলের পারদও ১০ ডিগ্রির নিচে নামতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই বাড়বে ঠান্ডা হওয়ার দাপট। তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। আজ, বুধবার কলকাতার তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল, বৃহস্পতিবার বিকেলের পর থেকে পাহাড়ের তাপমাত্রা নামতে শুরু করবে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বুধবার সকালে ঘন কুয়াশা ছিল কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ডুয়ার্সে ঠাণ্ডায় কাঁপছে এলাকাবাসী। সেখানে তাপমাত্রা নেমে গিয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে।





