স্বস্তির দিন শেষ! আকাশ মেঘলা থাকলেও ফের ৪০-এর কোঠাতেই পৌঁছবে তাপমাত্রা, ফের হাওয়া বদলের পূর্বাভাস আবহাওয়া দফতরের

গত কয়েকদিন ধরে রাজ্যের আবহাওয়া বেশ মনোরমই ছিল। ঝিরঝিরে বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছিল। তীব্র তাপপ্রবাহের পর অবশেষে একটু স্বস্তি পেয়েছিল বঙ্গবাসী। কিন্তু এই স্বস্তি যে দীর্ঘস্থায়ী নয়, তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। আজ, বুধবার থকেই বাড়বে তাপমাত্রা। আগামী ৪-৫ দিনের মধ্যেই তাপমাত্রা ৪ ডিগ্রি বাড়তে পারে বলে জানাল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আগামীকাল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হলেও হতে পারে। তবে তাতে গরম কমবে না। আগামী ৪-৫ দিন মাঝেমধ্যে মেঘলা আকাশের দেখা মিললেও তাপমাত্র ৪-৫ ডিগ্রি বাড়বে। কিছু কিছু জেলায় ফের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

গতকাল, মঙ্গলবার কলকাতা-সহ সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজ, বুধবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে  বলে জানা যাচ্ছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টি হবে, তবে পরিমাণ খুবই কম।

আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তা খুবই কম। আগামীকাল, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই।

আরও অন্যান্য খবর