নাটকীয় কাণ্ড জেলে! পার্থর উপর জঙ্গি হামলা, প্রাক্তন শিক্ষামন্ত্রীর দিকে মলভর্তি মগ ছুঁড়ে মারল জঙ্গি মুসা, ফাটল থুতনি-ঠোঁট

প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) ঘটে গেল নাটকীয় কাণ্ড। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) উপর হল জঙ্গি হামলা। পার্থকে লক্ষ্য করে মল ভর্তি মগ ছুঁড়ে মারল আইএসআই জঙ্গি মুসা (terrorist Musa)। হামলার জেরে হোঁচট খেয়ে পড়ে গিয়ে ঠোঁট ও থুতনিতে চোট পেয়েছেন পার্থ। আজ, বুধবার এসএসকেএম থেকে একদল চিকিৎসক প্রেসিডেন্সি জেলে যান পার্থর স্বাস্থ্য পরীক্ষার জন্য। তিনি আপাতত ঠিকঠাকই রয়েছেন বলে জানা গিয়েছে।

গত শনিবার প্রেসিডেন্সি জেলে ঘটে যায় এক নাটকীয় কাণ্ড। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেলে রয়েছেন। আর মুসা থাকে ৭ নম্বর ওয়ার্ডে। গত শনিবার বিকেলে বন্দিদের লক আপে ঢোকানো হচ্ছিল। জেলে এমনিতে বেশ গম্ভীর হয়েই থাকেন পার্থ চট্টোপাধ্যায়।

সেদিন বন্দিদের সেলে ঢোকানোর পরও পার্থ জানান যে তিনি নিজস্ব ভঙ্গিমায় আর একটু উঠোনে হাঁটবেন। দুই বন্দির ক্ষেত্রে দু’রকম নিয়ম হবে কেন হবে? এই নিয়ে প্রশ্ন তোলেন ক্ষুব্ধ মুসা। জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে গালিগালাজ করতে শুরু করে মুসা।

আর এরপরই এক চরম পদক্ষেপ নেয় ক্ষুব্ধ মুসা। হঠাৎ করেই মল ভর্তি মগ হাতে তুলে নিয়ে তা ছুঁড়ে মারে পার্থর দিকে। এই মল আক্রমণ থেকে বাঁচতে তড়িঘড়ি সরে যেতে চান পার্থ। কিন্তু ভারী শরীর নিয়ে সরতে গিয়েই বেঁধে যায় বিপত্তি।

তাড়াতাড়ি সরে যেতে গিয়ে হোঁচট খেয়ে রীতিমতো মুখ থুবড়ে পড়ে যান তিনি। এর জেরে তাঁর থুতনি চোট লাগে, ঠোঁট ফেটে যায় বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন কারারক্ষীরা। জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আজ, বুধবার এসএসকেএম থেকে একদল চিকিৎসক যান প্রেসিডেন্সি জেলে তাঁকে পরীক্ষা করতে। চিকিৎসকরা জানান পার্থর শরীর এখন ঠিকই রয়েছে।

উল্লেখ্য, এই আইএসআই জঙ্গি মুসার এক বদভ্যাস রয়েছে। মগের মধ্যে মলত্যাগ করে সে। আর টার্গেট করার জন্য তা জমিয়ে রাখে। এই ধরণের আক্রমণের মুখে পড়ে পার্থ যেন আরও বেশি গম্ভীর হয়ে গিয়েছেন। পার্থর উপর এই হামলার পর মুসাকে একের দশ আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

RELATED Articles