রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৭। তবে আক্রান্তরা প্রায় সকলেই বাইরে থেকে এসেছেন। ২ জন লন্ডন থেকে এসেছেন, একজন সুইৎজারল্যান্ড থেকে। একজন ট্রেন যাত্রায় করোনায় সংক্রামিত হয়েছেন। বাকিরা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় তাঁরাও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখনও পর্যন্ত এরাজ্যে করোনার স্থানীয় সংক্রমণের কোনও রেকর্ড নেই। আর এই পরিস্থিতিতেই আরও সতর্ক রাজ্য প্রশাসন।
এরই মধ্যে সোমবার কলকাতাগামী সমস্ত বিমান বন্ধের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার সংক্রমণ রুখতে শুরু থেকেই কড়া ভূমিকা পালন করে যাচ্ছে রাজ্য প্রশাসন। সোমবার বিকেল ৫টে থেকেই শুরু হয়ে যাচ্ছে লকডাউন। চলবে ২৭ তারিখ মধ্যরাত পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা বাইরে থেকে আসবেন, তাদের ১৪ দিন বাধ্যতামূলকভাবে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রেল যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করার পর উড়ান যোগযোগও বন্ধ করার পথে হাঁটতে চাইছে রাজ্য সরকার। আর সেই মর্মেই প্রধানমন্ত্রী মোদীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের।





