এ যে আজব ভূতুড়ে কান্ড! ঘরবাড়িতে যেখানে সেখানে যখন তখন নিজে থেকেই জ্বলে উঠছে আগুন! নেভাতে গেলে নিভছে বটে কিন্তু খানিক পরেই শেষ জ্বলে উঠছে আগুনের শিখা। বাঁকুড়ার শ্যামসুন্দরপুরের রায় পরিবারে এহেন অদ্ভুতুড়ে ঘটনায় এখন নেমেছে আতঙ্কের ছায়া।
সম্প্রতি জানা গিয়েছে বাঁকুড়ার শ্যামসুন্দরপুরে সঞ্জিত রায় নামে এক ব্যক্তির বাড়িতে যেখানে সেখানে যখন তখন আগুন লেগে যাচ্ছে। খাট, বিছানা,চেয়ার থেকে জামা-কাপড় কিছুই বাকি থাকছে না। গোটা পরিবার রীতিমতো আতঙ্কের সঙ্গে দিন কাটাচ্ছেন। কান্নাকাটি জুড়ে দিয়েছেন পরিবারের সদস্যরা। আজব আগুনের জ্বালায় রীতিমত জেরবার এই পরিবার। পরিবারের সদস্যদের দাবি, তারা কিছুতেই বুঝতে পারছেন না আগুন কোথা থেকে লাগছে। ভয়ের চোটে গোটা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এমনকি গ্যাস সিলিন্ডারও বাইরে রাখা হয়েছে। এতে পরিবারের দৈনন্দিন কাজকর্ম শিকেয় উঠেছে কিন্তু আগুন জ্বলা বন্ধ হয়নি। শেষে বাধ্য হয়ে গোটা পরিবার স্থানীয় জয়পুর থানায় অভিযোগ জানিয়েছেন।
খবর পেয়ে বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরা ওই বাড়িতে আসেন এবং বিভিন্ন পোড়া জায়গা থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যান। এই সমিতির এক সদস্য সৌম্য সেনগুপ্ত জানান যে, প্রাথমিক অনুমান থেকে এটুকু বোঝা যাচ্ছে যে এটা কোন প্রাকৃতিক ঘটনা থেকে সৃষ্ট আগুন নয়, এই আগুন মনুষ্যসৃষ্ট। এর আগেও এরকম ঘটনা বারবার দেখা গিয়েছে যেখানে কাছের লোকরাই এরকম ঘটনা ঘটিয়েছেন। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন।





