Bengal Assembly: নজরে নির্বাচন! বাংলার পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

গতকালই দু’দিনের বঙ্গ সফর সেরে ফিরে গেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। আর এবার তাঁর ফিরে যাওয়ার পর বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জানা গিয়েছে, ২০শে জানুয়ারি, বুধবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা–সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের আসার কথা রয়েছে। ওই দিন সন্ধেবেলা তাঁদের আসার কথা রয়েছে। যেহেতু ওই একই সময় আসামেও বিধানসভা নির্বাচন রয়েছে তাই আসাম ঘুরে পশ্চিমবঙ্গের আসবেন তাঁরা। ২১শে জানুয়ারি বৃহস্পতিবার জেলাশাসক, পুলিশ সুপার, রাজ্যের শীর্ষ আধিকারিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারবে কমিশনের ফুল বেঞ্চ।

বৃহস্পতিবার দিনভর বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকদের।

এরইমধ্যে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটল বাংলায়। বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর সেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে কাটা গেছে প্রায় ৬ লক্ষ নাম। ভোট তালিকা থেকে বাদ পড়েছেন ৫ লক্ষ ৯৯ হাজার ৯২১ জন। নতুন ও ছাঁটাই হিসেব করলে ২.০১ শতাংশ বেড়েছে বৈধ ভোটার। নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করলেও নাম অন্তর্ভূক্ত করায় বাধা থাকছে না। সাধারণ মানুষ আবেদন করতে পারেন। নতুন ভোটার বেড়েছে ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩। তৃতীয় লিঙ্গের ভোটার ১,৫৯০।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৬ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া বেশ প্রাসঙ্গিক মনে করছে রাজনৈতিক মহল। একাধিকবার তালিকায় ভুয়ো ভোটার থাকার অভিযোগ করেছিল বিরোধীরা। কমিশনের কাছে দরবার করেছিল তাঁরা।

তাৎপর্যপূর্ণভাবে, গতকালই, বৃহস্পতিবার দু’দিনের রাজ্য সফর শেষে ফিরে গেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করার নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠক সেরেছেন কমিশনার দের সঙ্গে। তবে কলকাতা ও ব্যারাকপুরের পুলিশ কমিশনারকেই সবথেকে বেশি তাঁর প্রশ্নের সম্মুখীন হতে হয়। কোনও রকমের গাফিলতি দেওয়া যাবেনা এই বছরের নির্বাচনে স্পষ্ট বলেছেন তিনি। গাফিলতি হলে শোকজের সুযোগটুকুও মিলবে না সোজাসুজি চাকরি হারাতে হবে।

RELATED Articles