মদন মিত্রকে জড়িয়ে ছবি পোস্ট করে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, বিতর্ক নিয়ে এবার সরব হলেন তরুণী

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের একটি ছবি তুমুল ভাইরাল হয়। এই ছবিতে তৃণমূলের ‘কালারফুল’ বিধায়ককে দেখা যায় এক তরুণীকে কোলের কাছে জড়িয়ে বসে থাকা অবস্থায়। তাঁর অন্য হাতে হু’ক্কা ও তাঁর জামার একটি বোতাম খোলা। এমন ছবি প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। হইচই পড়ে যায় গোটা রাজ্যে। এরপরই এই বিষয় নিয়ে মুখ খুললেন ওই তরুণী। তাঁর দাবী, “মদন মিত্রকে বদনাম করার জন্যই এসব করা হচ্ছে”।

জানা গিয়েছে, মদন মিত্রের সঙ্গে ছবিতে থাকা ওই তরুণীর নাম অন্বেষা ঘোষ। একটি জন্মদিনের পার্টিতে তোলা হয়েছিল এই ছবিটি। এরপর ক্যাপশনে ‘ওহ লাভলি’ ও মদন মিত্রের নামের পাশে একটি লাভ ও হাসির ইমোজি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি এই ছবিটি। এরপরই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

এদিন একটি লাইভ ভিডিওতে ওই তরুণী বলেন, “মদন স্যারকে বদনাম করার জন্যই এগুলি করা হচ্ছে। আমার এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে স্যারকে (মদন মিত্র) দেখে তাঁর সঙ্গে ছবি তুলি আমি। আমাদের টেবিলে তাঁকে বসতে বলেই ছবিটি তোলা হয়েছিল। স্যার অনেক ভালো কাজ করেছেন। ভীষণ ভালো মানুষ তিনি। সেলিব্রিটিদের সঙ্গে সবাই ছবি তোলেন। কিন্তু আমার ছবিটিকে নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে”।

অন্বেষা লাইভে এও জানান যে তিনি নিজে মদন মিত্রের ভক্ত। তাঁর এই ছবি নিয়ে নানান অস্বস্তিকর ভিডিও বানানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ওই তরুণী লাইভে এসে অনুরোধ জানান যাতে এই বিষয়টি এখানেই বন্ধ করা হয়। তিনি এই ঘটনায় আইনি পদক্ষেপ নিয়েছেন বলেও দাবী করেন।

এদিকে এই ছবির বিষয়ে মদন মিত্র বলেন প্রতিদিন তাঁর হাজার হাজার ছবি ওঠে। মহিলা ছাড়াও হাজার হাজার যুবকও তাঁর সঙ্গে ছবি তোলেন। সেসব ছবি ভাইরাল হয় না। এর পাশাপাশি উই তরুণীকে নিজের নাতনির বয়সী বলে দাবী করেন কামারহাটির বিধায়ক।

এরপরই এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন অন্বেষা। বলে রাখি, সোশ্যাল মিডিয়া থেকে আপাততর জন্য বিরতি নিয়েছেন মদন মিত্র। জুন মাস পর্যন্ত কোনওরকমের কোনও লাইভ করবেন না তিনি সোশ্যাল মিডিয়ায়, এমনটাই জানান তিনি। এই ঘটনার সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার কোনও সম্পর্ক রয়েছে কী না, তা নিয়েও উঠেছে গুঞ্জন।

আরও অন্যান্য খবর