উর্দি পরেই তৃণমূল নেতার জন্মদিনে চুটিয়ে আনন্দ, বার্থডে টুপি পরে দিলেন হাততালি, খেলেন কেক! ভাইরাল পুলিশের কর্মকাণ্ড!

উর্দি পরে তৃণমূল নেতার জন্মদিনের ভোজ খেতে হাজির পুলিশ। এই নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। মুর্শিদাবাদের এই ঘটনা এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। মুর্শিদাবাদের (murshidabad ) রাণীনগর থানার শেখপাড়া এলাকায় একটি কেকের দোকানে ওই এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি সোহেল রানার (Sohel Rana) জন্মদিনের সেলিব্রেশনের আয়োজন করা হয়। এখানে উর্দি পরে হাজির হন রানীনগর থানার এএসআই (ASI) তাজ আলম (Taj Alam)। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই হইচই পড়ে গেছে। সাথে সাথে হয়েছে ভাইরাল।
সেই তৃণমূল নেতা সোহেল রানার জন্মদিনের সেলিব্রেশনে উপস্থিত ছিলেন তৃণমূলের স্থানীয় নেতা কর্মী সহ পঞ্চায়েত এবং ব্লক এ ঠিকাদার সহ প্রশাসনেরও কেউ কেউ। ওই ভাইরাল ভিডিওতে দেখা যায় তৃণমূল নেতার জন্মদিনে দারুন হইচই করছেন ওই পুলিশ আধিকারিক। তৃণমূল নেতার কেক কাটার সময় হাততালি দিচ্ছেন জোরে জোরে। বার্থডে কেক কেটে তৃণমূল নেতার হাত থেকে কেক খাচ্ছেন তিনি। সব মিলিয়ে দারুন সেলিব্রেশন। এরপরই শুরু হয় বিতর্ক।
এই প্রসঙ্গে বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি শাখারভ সরকারের বলেন, ‘‘আমরা বিরোধীরা তো বরাবর দাবী করে এসেছি যে পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো নতুন কিছু নয়। এখন জনগণ দেখুন, কী ভাবে পুলিশ নির্লজ্জের মতো তৃণমূল নেতার জন্মদিনে পালন করতে উর্দি পরে উপস্থিত হয়েছেন।’’। তিনি আরও বলেন, ‘‘নিজেদের সম্মান তো কবে ধুলোয় মিশিয়েছেন এরা। কিন্তু উর্দির সম্মানটাও রাখতে পারলেন না”।
এই বিষয়ে বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মণ্ডল বলেন, “উর্দি পরে অন ডিউটিতে থাকাকালীন ওখানে গিয়েছিল পুলিশ। তৃণমূল কেন, কোনও দলের ক্ষেত্রেও উনি যেতে পারেন না। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে এভাবেই চালনা করেন। প্রত্যেকটা থানা আসলে তৃণমূলের পার্টি অফিস”।
যদিও তৃণমূল নেতৃত্ব এই বিষয়টিকে আমল দিতে নারাজ। তৃণমূল নেতৃত্বের কথায়, ‘‘জন্মদিনে শুভেচ্ছা জানাতে তো যে কেউ আসতেই পারেন। এটা বাংলার সংস্কৃতির মধ্যে পড়ে। সব কিছুতেই রাজনীতি দেখা অর্থহীন”। যাকে ঘিরে এই বিতর্ক সেই পুলিশ আধিকারিক তাজ আলমের জানান, ‘‘ওই এলাকা দিয়ে আসছিলাম। একটি বিশেষ প্রয়োজনে একটি দোকানে বসি। তখন কেক কাটা চলছিল। আমায় আমন্ত্রণ জানানো হয়। ভেবেচিন্তে কিছু করিনি।’’

RELATED Articles