ইতিহাসের সন্ধিক্ষণে মহামেডান! আইএসএলের অভিষেকেই চমকে দিতে বদ্ধপরিকর সাদাকালো ব্রিগেড!

জিততে পারেনি মোহনবাগান। প্রথম ম্যাচ ড্র করেছে তারা। ইস্টবেঙ্গল তো প্রথম ম্যাচেই পরাজিত হয়েছে বেঙ্গালুরর কাছে। প্রথম ম্যাচ জিতে কী   ইতিহাস সৃষ্টি করতে পারবে কলকাতার আরেক প্রধান মহামেভান স্পোর্টিং! গত বছর আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলার সুযোগ পেয়েছে মহামেডান। ফলে ভারতীয় ফুটবলের প্রথম ডিভিশনে তিন প্রধানকে ঘিরে এবার উত্তেজনা তুঙ্গে। অনেকেই মনে করছেন মহামেডান এবার চমকে দিতে পারে আইএসএলের বাকি দলগুলোকে।

সোমবার কিশোর ভারতী স্টেডিয়ামে আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামছে সাদাকালো ব্রিগেড। এই দিনটারই স্বপ্ন এতদিন ধরে দেখে আসছিলেন ক্লাব কর্মকর্তা এবং সমর্থকরা। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। মহামেডানের প্রথম ম্যাচ সদ্য ডুরান্ড কাপ জয়ী দল নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। প্রতিপক্ষ কঠিন হলেও খুব সহজে ম্যাচ ছেড়ে দেবে না মহামেডান সেটাই আশা করা যায়।

মহামেডানের কোচ আন্দ্রে চেরনিশভ বেশ আত্মবিশ্বাসী নিজের দলকে নিয়ে। আত্মবিশ্বাসী গলায় তিনি বলেছেন, “দলে অনেক প্রতিভাবান ফুটবলার আছে। তবে তাঁরা আইএসএলের মঞ্চে কেমন পারফর্ম করে, সেটাও দেখতে হবে। আমরা প্রিসিজনের জন্য খুব বেশি দিন পাইনি। কিন্তু যা হয়ে গিয়েছে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। আপাতত, খুব বড় লক্ষ্য নিয়ে ভাবছি না। আমরা মাথা ঠান্ডা রেখে নিজেদের আক্রমণাত্মক ফুটবলটাই খেলতে চাই”।

সাদাকালো ব্রিগেডের কোচ আরও জানিয়েছেন, “ছেলেদের মধ্যে কোনও নেতিবাচক মনোভাব নেই। আইএসএল অনেক বড় মঞ্চ, আর প্রথম ম্যাচ সবসময়ই স্পেশ্যাল। কিন্তু আমরা আত্মবিশ্বাসী। পুরো দল হোমওয়ার্ক করেই মাঠে নামবে”। সমর্থকদের উদ্দেশ্যে মহামেডান কোচ বলেন, “তবে আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। কারণ, সমর্থকরা আমাদের জয় দেখার জন্যই মাঠে আসেন। এটা ঠিক যে, সবদিন হয়ত ভালো খেলা যায় না। সব ম্যাচে জয় আসে না। কিন্তু সমর্থকরা সবসময় আমাদের পাশে থাকেন। তাই ওদের খুশি করাটা আমাদের দায়িত্ব”।

এ বছর মহামেডানের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন সামাদ আলী মল্লিক। গত‌ মরসুমের আইলিগ চ্যাম্পিয়ন টিমের বেশিরভাগ ফুটবলার কে ধরে রেখেছে সাদাকালো ব্রিগেড। বেশ কিছু নতুন প্রতিশ্রুতিমান ভারতীয় ফুটবলারকে সই করানোও হয়েছে দলে। নিয়ে আসা হয়েছে একাধিক ভালো মানের বিদেশি ফুটবলারও। গোটা দলটাই এখন মগ্ন প্র্যাকটিসে। অভিষেকেই চমকে দিতে যেন বদ্ধপরিকর আন্দ্রে চেরনিশভের‌ ছেলেরা।

RELATED Articles