লকেট চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায় বহু জনপ্রিয় অভিনেত্রী। বেশ কয়েক দশক ধরে বাংলা ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রীরা। অভিনেত্রী হিসেবে দুজনেই পরিচিত। অভিনয় জগত থেকে দূরে রয়েছেন লকেট। তাকে দেখা যায় রাজনীতির ময়দানে। ছবিতে অভিনয় না করলেও বাংলা রিয়্যালিটি শো-এর সঞ্চালক হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন রচনা। এবার দুই প্রতিপক্ষ অভিনেত্রী একে অপরের প্রতিপক্ষ।
জানা গিয়েছে, হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়বেন লকেট চট্টোপাধ্যায় আর তৃণমূলের টিকিটে রচনা বন্দ্যোপাধ্যায়। একসময় একই ছবিতে অভিনয় করেছেন তাঁরা।
গোটা বাংলা ‘দিদি নম্বর ওয়ান’ নামেই পরিচিত রচনা। সম্প্রতি, সেই শোতে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর লকেট বলেন, “সন্দেশখালি জ্বলছে আর দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে নাচছেন।”
লকেট বলেন, “এটা আসলে মোদীজি ভার্সেস মমতা লড়াই। রচনা লড়লেও কিছু করতে পারবেন না।” তিনি আরও বলেন, “রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি নিজে কাজ করেছি অনেক জায়গায়। আমরা দুজনে সহশিল্পী ছিলাম। কিন্তু রচনা ভার্সেস লকেট লড়াই কেউ মানবে না।”
উল্লেখ্য, বর্তমানে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এবারও টিকিট পেয়েছেন তিনি। তবে সেই কেন্দ্রে এবার তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন রচনা। রিয়্যালিটি শো-এর সূত্রে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় রচনা। কিন্ত বহুল জনপ্রিয় না হলেও লকেটের রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি। লড়াই হবে হাড্ডাহাড্ডি। হুগলির লোকসভা নিয়ে এবার জব্বর টক্কর।





