আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হল যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিন ধরে এই বৃষ্টি চলবে। আবার অন্যদিকে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ শুরু হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১১ থেকে ১৫ই আগস্ট দক্ষিণবঙ্গের নানান জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। ১১ ও ১২ তারিখ এই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, ও জলপাইগুড়িতে। আলিপুরদুয়ার ও কালিম্পং-এ জারি করা হয়েছে কমলা সতর্কতা।
এদিকে ১১ই আগস্ট থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে নদীগুলিতে জলস্তর বৃষ্টির সম্ভাবনা। এমনকি পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলেও জানা গিয়েছে।
অন্যদিকে, ১২ই অগস্ট মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে। জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে। এছাড়াও, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
শুধু তাই-ই নয়, কলকাতাতেও আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী ২৪ ঘন্টাতে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রী ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি কলকাতায়।





