আবহাওয়ার মতিভ্রম! আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, ৪ ডিগ্রি গরম বাড়বে কলকাতায়, উত্তর ভাসবে প্রবল বৃষ্টিতে

যেন বড় বেশি খামখেয়ালি আবহাওয়া। গত দু’দিন ধরে গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টি হল। কিন্তু জানা যাচ্ছে এবার বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। সেই কারণে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আর সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে বরং কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলাই থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পের জেরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে অস্বস্তিও।

গত মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিপাতের জন্য শহরের তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। গতকাল, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল হয়েছিল ২৯.৫ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৮১ শতাংশ।

কী অবস্থান মৌসুমি অক্ষরেখার?

জানা যাচ্ছে, মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করছে। আজ থেকে অক্ষরেখা দক্ষিণ দিকে সরবে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে গোরক্ষপুর, গয়া, ঝাড়খণ্ড, বালেশ্বের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত চলে গেছে। আবার গভীর নিম্নচাপ  ঝাড়খণ্ড ও সংলগ্ন ছত্তীশগড়ে অবস্থান করছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ  পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে আরও দুর্বল হবে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি কী হবে?

জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গরম বাড়বে দক্ষিণবঙ্গে। তবে পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

একদিকে যখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে, সেই সময় আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, মালদা ও উত্তর-দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও অন্যান্য খবর