বাংলায় পা পড়েছে তাঁর। আসন্ন বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপির মনোবল বাড়িয়ে বাংলার সংগঠনকে আরও মজবুত করতে দুদিনের সফরে এসেছেন ভারতীয় রাজনীতিতে চাণক্য বলে পরিচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (home minister Amit shah)। তাঁর চোখে এখন একটাই স্বপ্ন বাংলার মসনদে বিজেপির প্রতিষ্ঠা। আর তাই ভোটের প্রাক-প্রস্তুতি তে কোনও খামতি রাখতে চাইছেন না তিনি। জমিয়ে মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ আর নরেন্দ্র মোদীর প্রশংসা এই চালেই বাজিমাত করতে চাইছেন অমিত।
এর আগেও অমিত শাহ বাংলায় এসে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছিলেন। এদিন তিনি সেই একই ডাক দেন। তিনি বলেন, দেশের সুরক্ষায়, আর্থিক সুরক্ষায় পশ্চিমবঙ্গে বিজেপির শাসন জরুরি। বিজেপির শাসন বাংলাকে দারিদ্র থেকে বের করে আনবে। এখানকার বেকার যুবকদের চাকরি হবে।
বাংলায় পা রেখেই নাকি সর্বত্র তিনি দেখেছেন বর্তমান বঙ্গ শাসিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) প্রতি মানুষের ক্ষোভ আর নরেন্দ্র মোদীর (narendra modi) প্রতি ভালবাসা। আজ অর্থাৎ বৃহস্পতিবার বাঁকুড়া থেকে (bankura) এমনটাই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কলকাতা থেকে হেলিকপ্টারে বাঁকুড়ায় যান অমিত শাহ। তারপর বাঁকুড়া-পুরুলিয়া রাজ্য সড়কে থাকা বীরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করেন।
বলাবাহুল্য, এই সময় তাঁকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড উচ্ছ্বাসও অবশ্যই লক্ষণীয়।মঞ্চে তাঁর পাশে দেখা যায় বঙ্গ বিজেপি হাইকমান্ডকেও। অমিতের সঙ্গী হিসেবে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়েরা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন ফের একবার কেন্দ্রীয় প্রকল্পে বাধা দেওয়ার অভিযোগ আনেন মমতা সরকারের বিরুদ্ধে। তার মধ্যে আদিবাসীদের প্রকল্প রয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাঁকুড়ায় তিনি এদিন ফের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে কৃষকরা যে ৬ হাজার টাকা থেকে বঞ্চিত হচ্ছে, সেই অভিযোগও তোলেন। একইসঙ্গে শৌচালয়, বাড়ি তৈরির সাহায্য সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে না বলেও অভিযোগ করেন।
নিজের বক্তব্যে অমিত শাহ জানান, বুধবার তিনি কলকাতায় নামার পর থেকে সাধারণ মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ এবং সাধারণ মানুষের নরেন্দ্র মোদীর প্রতি ভালবাসা লক্ষ্য করেছেন। তিনি আরও বলেন, মমতার সরকারের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে। তিনি আরও বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যেকর দুই তৃতীয়াংশ আসনে বিজেপির জয় হবেই।





