ভোটের আগে ভোটার তালিকা নিয়ে উত্তেজনা নতুন নয়। কিন্তু এবারের পরিস্থিতি যেন অন্যরকম। একদিকে সাধারণ মানুষের উদ্বেগ, অন্যদিকে রাজনৈতিক চাপ,সব মিলিয়ে তালিকা সংশোধনের প্রক্রিয়া ঘিরে বাড়ছে কৌতূহল। কে থাকছেন, কে বাদ পড়ছেন এই প্রশ্ন এখন বহু মানুষের মনে।
মঙ্গলবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতেই শুরু হয় জল্পনা। তালিকায় ঠিক কতজনের নাম রয়েছে বা কতজন নতুন করে বাদ পড়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য প্রথমে সামনে আসেনি। ফলে স্বাভাবিকভাবেই তৈরি হয় বিভ্রান্তি। একইসঙ্গে জানা যায়, এখনও বহু নাম বিচারাধীন অবস্থায় রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট প্রায় ৬০ লক্ষ নাম বিচারাধীন তালিকায় ছিল। সেই তালিকা খতিয়ে দেখছেন বিচারিক আধিকারিকরা। ইতিমধ্যেই প্রায় ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। এই প্রক্রিয়ার মধ্যেই ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে বাদ পড়ার প্রকৃত চিত্র।
সবচেয়ে বড় তথ্য সামনে আসে বুধবার সন্ধ্যায়। জানা যায়, নিষ্পত্তি হওয়া ৩২ লক্ষ নামের মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়েছে। অর্থাৎ নতুন করে প্রায় ১৩ লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে। শুধু তাই নয়, আগের খসড়া ও চূড়ান্ত তালিকার সঙ্গে মিলিয়ে মোট বাদ পড়া নামের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৬ লক্ষে। যদিও প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় থাকা ১০ লক্ষ নামের মধ্যে ঠিক কতজন ডিলিশন তালিকায় পড়েছেন, তা এখনও পরিষ্কার নয়।
আরও পড়ুনঃ Puri Jagannatha Temple : পুরীর জগন্নাথ মন্দিরে নতুন চমক! মাটির তলায় ৯০ মিটার দীর্ঘ অজানা কাঠামোর সন্ধান, সুড়ঙ্গ, জলপথ নাকি ইতিহাসের চাপা পড়া গোপন অধ্যায়? কি উঠে আসলো গবেষণায়?
এখন নজর আগামী তালিকার দিকে। সূত্রের খবর, শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে পারে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করেনি নির্বাচন কমিশন। প্রতিদিন তালিকা প্রকাশ করা হবে কি না, সেটাও ভাবনাচিন্তার মধ্যে রয়েছে। ফলে অনিশ্চয়তা এখনও কাটেনি বরং আগামী কয়েক দিনেই স্পষ্ট হবে পরিস্থিতির আসল ছবি।





