মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরই শেষ একুশে জুলাই পালন করছেন, মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে মন্তব্য করলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
মঙ্গলবার তিনি বলেন, “মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই শেষ ২১ জুলাই।” সঙ্গে দিলীপবাবু আরও জানিয়ে দেন যে, শহীদদের নিয়ে রাজনীতি করছেন মমতা এবং বিরোধীদেরই শহীদ করছেন মুখ্যমন্ত্রী।
এদিন দিলীপবাবু বলেন যে, আমরা এই দিনটাকে প্রহসন দিবস হিসেবে পালন করছি আমরা এই দিনে মানুষের কাছে প্রহসন দিবস হিসাবে যাব। গিয়ে বলব যারা শহীদের রক্তে হেঁটে ক্ষমতায় এসেছেন তাঁরা আজকে বাকিদের শহীদ করে দিচ্ছেন।
দিলীপবাবুর দাবি সাধারণ মানুষ ও বিরোধীরা খুন হচ্ছে এই রাজ্যে। পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার বলে কিছুই অবশিষ্ট নেই। তাই তিনি রাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন এই অবস্থাকে পরিবর্তন করতে। তবেই তিনি জানবেন যে গণতন্ত্রের প্রতি ও শহীদদের প্রতি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধা আছে। না হলে শহীদদের নিয়ে মমতা রাজনীতি করবেন আবার বিরোধীদেরই শহীদ বানাবেন সেটা হতে পারে না।
এই কথার তীব্র বিরোধিতা করে পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। তিনি বলেছেন যে বাংলার সংস্কৃতি সম্পর্কে বিজেপি কিছু জানেনা, বাংলাকে লুঠ করতে এসেছে তারা।
এদিকে বিজেপির ভার্চুয়াল জনসভাকে কিছুদিন আগেই কটাক্ষ করেছিলেন মমতা তবে একুশে জুলাই এর জন্য মমতাকে সেই ভার্চুয়াল সমাবেশেরই পথ বেছে নিতে হল। যদিও এইভাবে সভা করার ‘কপিরাইট’ নিয়ে ঝগড়া বেঁধে গিয়েছে দুই দলের মধ্যে। দিলীপ ঘোষ আগেও বলেছিলেন যে বিজেপির পরিকল্পনা তৃণমূল চুরি করছে। এবার তিনি হুঁশিয়ারি দিলেন যে, আগামী বছর রাজ্যে তিনি তৃণমূল সরকারকেই সরিয়ে দেবেন।





